Central Force Deployment

উত্তর ২৪ পরগনায় মোতায়েন হচ্ছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী! কলকাতায় কত? চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন

রবিবার থেকেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার পরে ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী পাঠানো হবে রাজ্যে। প্রাথমিক ভাবে রবিবার থেকে কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে, তা স্থির করে ফেলেছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৯
Share:

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল। —ফাইল চিত্র।

রাজ্যে প্রাথমিক ভাবে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে তিন পুলিশ জেলা এবং দুই কমিশনারেট মিলিয়ে মোট ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতাতেও মোতায়েন হচ্ছে ১২ কোম্পানি বাহিনী। আগামী রবিবার থেকেই এই বাহিনী মোতায়েন করা হবে।

Advertisement

মুর্শিদাবাদের দুই পুলিশ জেলা মিলিয়ে মোতায়েন করা হচ্ছে ১৬ কোম্পানি বাহিনী। হাওড়াতেও কমিশনারেট এবং পুলিশ জেলা মিলিয়ে ১৫ কোম্পানি বাহিনী নামাচ্ছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনায় তিন পুলিশ জেলা মিলিয়ে মোট ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে মোতায়েন হচ্ছে ১৪ কোম্পানি করে বাহিনী। পাশাপাশি মালদহে ১২ কোম্পানি, নদিয়ায় (দুই পুলিশ জেলা মিলিয়ে) ১২ কোম্পানি, উত্তর দিনাজপুরে (দুই পুলিশ জেলা মিলিয়ে) ১১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন।

দার্জিলিঙের পার্বত্য এলাকা এবং শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কোচবিহারেও মোতায়েন হচ্ছে ৯ কোম্পানি। পূর্ব বর্ধমানে নামানো হচ্ছে ৮ কোম্পানি। এ ছাড়া বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়িতে ৭ কোম্পানি করে, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ারে ৫ কোম্পানি করে এবং কালিম্পঙে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।

Advertisement

সব মিলিয়ে রাজ্যের মোট ২৩ জেলায় ৩৫টি পুলিশ জেলা এবং কমিশনারেট মিলিয়ে ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ১ মার্চ (রবিবার) থেকেই রাজ্য জুড়ে এই বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকছে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি।

রাজ্য জুড়ে মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনীগুলির প্রতিটি কোম্পানিতে থাকবেন অন্তত ৭২ জন করে জওয়ান। আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রত্যেক বাহিনীকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, কোনও কোম্পানিতেই যেন কর্মী সংখ্যা ৭২-এর কম না-হয়। প্রাথমিক ভাবে এই ২৪০ কোম্পানি মোতায়েনের পরে, ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি বাহিনী পাঠানো হবে রাজ্যে।

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পরে অবশ্য আরও কিছু অতিরিক্ত তালিকা যুক্ত হবে সেটির সঙ্গে। ওই চূড়ান্ত তালিকা প্রকাশের পরের দিন থেকেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু করে দিচ্ছে কমিশন। রাজ্যে গত বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। ওই সময়ে রাজ্যে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এ বারে এখনও পর্যন্ত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ঘোষণা করছে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement