West Bengal Assembly Election 2026

১৪ মার্চের মধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে রুটমার্চ করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, রাজ্যকে নির্দেশ কমিশনের

পশ্চিমবঙ্গে ভোটের জন্য মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল কমিশন। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ এবং এলাকা চেনার কাজ শউরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:২৯
Share:

রাস্তায় রাস্তায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। —ফাইল চিত্র।

আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি হবে। ১৪ মার্চ রাত ৮টার মধ্যে রাজ্যের সবক’টি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর প্রথম দফায় টহলদারির কাজ শেষ করতে হবে বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটের জন্য মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল কমিশন। জওয়ান এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে ১০০ থেকে ১২০ জন করে সদস্য। অর্থাৎ, গোটা পশ্চিমবঙ্গের জন্য আনুমানিক ৫০ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে। কোথায় কত বাহিনী মোতায়েন থাকবে, তা-ও চূড়ান্ত হয়ে গিয়েছে। মার্চের প্রথম দিকে ২৪০ কোম্পানি (অর্থাৎ ২৮,৮০০ জন) বাহিনী রাজ্যে চলে এসেছে। কলকাতায় আপাতত ৩০ কোম্পানি (অর্থাৎ ৩,৬০০ জন) বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। আপাতত তারা এলাকা চেনার কাজ শুরু করেছে।

গত বাররের মতোই এ বারের প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা সংখ্যা ৮০ হাজারের বেশি (আর যদি বাড়তি ১৪ হাজার করা হয় তা হলে মোট বুথের সংখ্যা হবে ৯৪ হাজার)। ফলে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে (এবং প্রতি ভোটকেন্দ্রে তা মোতায়েন করে) ভোট করাতে হলে এক দফায় বিধানসভা ভোট হবে না রাজ্যে। কোনও জেলায় প্রাথমিক ভাবে কত বাহিনী মোতায়েন করা হবে, তার প্রাথমিক তথ্যও মিলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে।

Advertisement

উত্তর ২৪ পরগনায় তিন পুলিশ জেলা এবং দুই কমিশনারেট মিলিয়ে বাহিনীর সংখ্যা হবে মোট ৫৮ কোম্পানি। মুর্শিদাবাদেও বাহিনীর সংখ্যা হবে ৫৮ কোম্পানি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কোম্পানি এবং কলকাতায় ৩০ কোম্পানি মোতায়েন থাকবে। দুই ধাপে মিলিয়ে পূর্ব মেদিনীপুরে ২৮ কোম্পানি, হুগলিতে ২৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৫ কোম্পানি, নদিয়ায় ২২ কোম্পানি, হাওড়া এবং বীরভূমে ২১ কোম্পানি করে, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি করে বাহিনী মোতায়েন করছে কমিশন। পাশাপাশি উত্তর দিনাজপুরে ১৯ কোম্পানি, মালদহে ১৮ কোম্পানি, পশ্চিম বর্ধমানে ১৭ কোম্পানি, দার্জিলিঙে ১৬ কোম্পানি, কোচবিহারে ১৫ কোম্পানি, বাঁকুড়ায় ১৩ কোম্পানি, ঝাড়গ্রামে ১১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ১০ কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে। আলিপুরদুয়ারেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা হচ্ছে সাত কোম্পানি এবং কালিম্পঙে চার কোম্পানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement