রাধিকারঞ্জন প্রামাণিক। —ফাইল চিত্র
প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক রাধিকা রঞ্জন প্রামাণিক (৯০)। সংসদীয় ও পরিষদীয় রাজনীতিতে দীর্ঘ দিনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। বিধাননগরের বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। নিমতলা শ্মশানে রবিবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মথুরাপুর থেকে পাঁচ বার সিপিএমের টিকিটে সাংসদ হয়েছিলেন বিজ্ঞানের মেধাবী ছাত্র রাধিকাবাবু। বিজ্ঞান বিষয়ক স্থায়ী কমিটিতেও ছিলেন বহু দিন। সাংসদ হওয়ার আগে মগরাহাট (পূর্ব) বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন সব মিলিয়ে ৭ বার। সিপিএম থেকে বহিষ্কৃত হন ২০০৩ সালে। তৃণমূলে যোগ দিয়ে পরের বছর মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে জোড়া ফুল প্রতীকে প্রার্থী হলেও আর জিততে পারেননি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘‘দরিদ্র পরিবারের সন্তান রাধিকা তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের সেবা করেছেন। পরিণত বয়সে প্রথাগত বামপন্থী রাজনীতি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়ে বৃহত্তর গনতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন। সেই সূত্রে তিনি আমার ঘনিষ্ঠ দলীয় সহকর্মী ছিলেন।’’ দীর্ঘ দিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক রাধিকারঞ্জনের মৃত্যু রাজনীতির জগতে বড় ক্ষতি বলেও উল্লেখ করেছেন মমতা।