West Bengal Weather Update

নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল, উত্তাল সমুদ্র! দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টি, কলকাতায় কী হবে

বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা ক্রমে পশ্চিমে সরবে এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪
Share:

কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেলে। তা ক্রমে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে। সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছেন আবহবিদেরা।

Advertisement

কলকাতায় শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তার পর আপাতত দক্ষিণের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে হাওয়া অফিস।

Advertisement

নিম্নচাপের কারণে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রবিবার পর্যন্ত। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে। বর্তমানে হাওয়ার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার। এর ফলে উপকূলবর্তী সমুদ্র উত্তাল রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবারই উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শনিবার তা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে ওড়িশা ও অন্ধ্রে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। কিছু দিন আগে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল কলকাতায়, এ বার সেই সম্ভাবনা নেই। কারণ, এই নিম্নচাপটি ওড়িশাঘেঁষা। তবু হাওয়া অফিস সতর্কতা অবলম্বন করছে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। এ ছাড়া, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement