West Bengal Assembly Election 2026

হাওড়ায় আজই আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, শ্যামপুর, পাঁচলা, বাগনান, উলুবেড়িয়া এবং রাজাপুর থানা এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এসআইআরের পরে আজ, শনিবারই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার-তালিকা। আর আজই হাওড়া গ্রামীণ জেলায় আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আজ বিকেলের মধ্যেই তারা এসে যাবে বলে গ্রামীণ জেলা পুলিশ সূত্রের খবর। হুগলিতে প্রথম দফায় ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কাল, ১ মার্চ। এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, শ্যামপুর, পাঁচলা, বাগনান, উলুবেড়িয়া এবং রাজাপুর থানা এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে। তাদের থাকার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

হুগলির জন্য প্রথম দফায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার যে ন’কোম্পানি বাহিনী আসবে, তার মধ্যে চন্দননগর কমিশনারেটের মোট সাতটি থানার জন্য পাঁচ কোম্পানি থাকছে। হুগলি জেলা পুলিশের ১৬টি থানার জন্য মোতায়েন করা হবে বাকি চার কোম্পানি।

চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাও বলেন, ‘‘পাঁচ কোম্পানি আধাসেনা প্রয়োজন অনুয়ায়ী কমিশনারেটের সাতটি থানার বিভিন্ন এলাকায় রাখা হবে। তারা রুটমার্চ করবে। যে সব স্কুল ভবনে সমস্যা হবে না, সেখানে তাদের রাখা হবে।’’ হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেনও বলেন, ‘‘আপাতত চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুটমার্চ করানো হবে।’’

হুগলি জেলা পুলিশের একটি সূত্রের খবর, এক কোম্পানি বাহিনী যাবে খানাকুলে। তাদের জন্য প্রাথমিক ভাবে থাকার জায়গা ঠিক করা হয়েছে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের অতিথিশালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন