West Bengal Elections 2026

ডানলপ নিয়ে ফের বিজেপিকে নিশানা মমতার

দেশের প্রথম টায়ার কারখানা ডানলপ। এ জেলার শিল্পের আঙিনায় একসময়ে তার উজ্জ্বল উপস্থিতি ছিল। বর্তমানে অন্ধকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৫১
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

একের পর এক কারখানা বন্ধ হুগলি শিল্পাঞ্চলে। বুধবার শ্রীরামপুর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় এসে এই জেলার সাহাগঞ্জের ডানলপের পরিস্থিতি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পাল্টা তৃণমূলকেই নিশানা করেছে।

দেশের প্রথম টায়ার কারখানা ডানলপ। এ জেলার শিল্পের আঙিনায় একসময়ে তার উজ্জ্বল উপস্থিতি ছিল। বর্তমানে অন্ধকার। ওই জায়গায় কারখানা ছিল, বোঝা দায়! এ দিন তৃণমূলের দুই প্রার্থী শ্রীরামপুরের তন্ময় ঘোষ এবং চাঁপদানির অরিন্দম গুঁইনের সমর্থনে সভায় বক্তব্যের শুরুতেই ডানলপের প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, ‘‘মালিক যখন ডানলপ কারখানা বিক্রি করে দিলেন, তখন অধিগ্রহণের জন্য রাজ্য বিধানসভায় বিল পাশ করা হয়, যাতে কর্মচারীরা সুরক্ষিত হন। কিন্তু ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকার বিষয়টি ফেলে রেখে দিয়েছে।’’ জেশপের ক্ষেত্রেও তাঁর একই অভিযোগ। দীর্ঘদিন ধরেই মমতা এই অভিযোগ তুলে আসছেন।

মমতার বক্তব্য, ‘‘কত বছর হল? ১০ বছর। কেন করেনি (কেন্দ্রীয় সরকার) জানেন? আমি শুনেছি, মালিক বিজেপির খুব ঘনিষ্ঠ। বিজেপির কোনও নেতা গিয়ে দিল্লিতে তাঁদের বাড়িতেও ওঠেন। আমাদের সরকার এত বছর যাঁরা নথিভুক্ত ও পাওয়ার যোগ্য, প্রত্যেককে মাসে ১০ হাজার টাকা করে দিচ্ছে। ৪৭৫ টাকা করে স্বাস্থ্য পরীক্ষার জন্যেও দিই।’’

মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা শ্রীরামপুরের প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘‘তৃণমূলের নেতারা যখন ডানলপের সব যন্ত্রপাতি লুট করে নিয়ে গেলেন, মুখ্যমন্ত্রী তখন কী করছিলেন! কাটমানি গিয়েছে, তাই চুপ ছিলেন!’’

২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে চটশিল্পের রুগ্ন অবস্থার জন্য তৃণমূলকে দুষেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে ওই নির্বাচনের প্রচারে শ্রীরামপুর স্টেডিয়ামে জনসভায় কেন্দ্রীয় সরকারকে পাল্টা দায়ী করেন মমতা। চটশিল্প নিয়ে ‘বড় আন্দোলনের’ কথাও বলেছিলেন। ঘটনা হচ্ছে, এই মুহূর্তে চটশিল্প কার্যত ধুঁকছে। শ্রীরামপুর বিধানসভাতেই ওয়েলিংটন এবং ইন্ডিয়া জুটমিল বন্ধ। এ দিন অবশ্য মুখ্যমন্ত্রীর মুখে চটশিল্পের কথা শোনা যায়নি।

বন্ধ দুই জুটমিল খোলার দাবিতে দিন কয়েক আগে আইএনটিটিইউসি-র তরফে মিছিল করে শ্রীরামপুরে শ্রম দফতরে স্মারকলিপি দেওয়া হয়। ওই কর্মসূচিতে তন্ময়ও ছিলেন। এ দিন মুখ্যমন্ত্রী আসার আগে বক্তব্য পেশ করতে গিয়ে রিষড়া ও শ্রীরামপুর শিল্পাঞ্চলের প্রসার ঘটানোর প্রতিশ্রুতি দেন প্রার্থী তন্ময় ঘোষ। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে এবং নিজের ২০ বছরের কাজের অভিজ্ঞতাও ঢেলে দেওয়ার আশ্বাস দেন।

বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘উনি (তন্ময় ঘোষ) কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন। কিন্তু ওঁর নেত্রী তিন বছর কিছু করতে পারলেন না। উনি কার ভরসায় করবেন? মিথ্যা প্রতিশ্রুতি কার থেকে শিখলেন, দিদির থেকে!’’ তাঁর সংযোজন, ‘‘মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে উন্নতি হবে না। উন্নতির জন্য চাই শিল্প। তৃণমূল এতে ডাহা ব্যর্থ। শিল্প আনতে একমাত্র বিজেপিই পারবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন