Miscreants

প্রোমোটিংয়ে ‘বাধা’ ব্যবসায়ীদের সরাতে সশস্ত্র দুষ্কৃতী-হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়া স্টেশন রোডে একটি বাড়ি প্রোমোটিং করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। কিন্তু ওই বাড়ির নীচে ব্যবসা করা ১০-১২ জন দোকানদার উঠে যেতে রাজি না হওয়ায় প্রোমোটিং সম্ভব হচ্ছিল না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮
Share:

— প্রতীকী চিত্র।

দোকান ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছিল স্থানীয় প্রোমোটার আশ্রিত এক দল দুষ্কৃতী। অভিযোগ এমনই। কিন্তু ব্যবসায়ীরা দোকান ছেড়ে না যাওয়ায় তাঁদের উপরে লাঠি, রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের মারে গুরুতর জখম হয়েছেন অন্তত ছ’জন ব্যবসায়ী। শনিবার রাতে হাওড়ার লিলুয়া স্টেশন রোডে এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। লিলুয়া থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়া স্টেশন রোডে একটি বাড়ি প্রোমোটিং করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। কিন্তু ওই বাড়ির নীচে ব্যবসা করা ১০-১২ জন দোকানদার উঠে যেতে রাজি না হওয়ায় প্রোমোটিং সম্ভব হচ্ছিল না। ওই দোকানদারদের অভিযোগ, সম্প্রতি যুব তৃণমূল কংগ্রেসের এক নেতা প্রোমোটারকে মদত দিতে শুরু করেন। এর পরেই শনিবার রাতে ওই প্রোমোটার ও তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীরা সশস্ত্র হামলা চালায়।

পার্থপ্রতিম দেব নামে এক ব্যবসায়ী বলেন, ‘‘আমরা রাতে রাস্তায় দাঁড়িয়ে যখন গল্প করছিলাম, তখন আচমকা প্রায় ৪০-৫০ জন দুষ্কৃতী লাঠি, রড নিয়ে আক্রমণ করে। অন্তত ছ’জনের মাথা ফেটেছে। আমরা আতঙ্কিত।’’ অনন্তচন্দ্র জানা নামে এক আক্রান্ত ব্যবসায়ী বলেন, ‘‘আমাকে দুষ্কৃতীরা রাস্তায় ফেলে মেরেছে। যুব তৃণমূল কংগ্রেসের এক নেতা ও প্রোমোটারের মদতে এই হামলা হয়েছে। যাতে আমরা ভয় পেয়ে উঠে যাই।’’

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতে প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, লিলুয়া থানায় অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টা পরেও পুলিশ ব্যবস্থা তো নেয়ইনি, বরং সংশ্লিষ্ট প্রোমোটারের সঙ্গে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘রবিবার শীতলা মায়ের স্নানযাত্রা থাকায় সকলে ব্যস্ত ছিলেন। আমরা অভিযোগ পেয়েছি। দুষ্কৃতীদের অবশ্যই গ্রেফতার করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন