Corruption Case

ত্রাণ সামগ্রী ফেরানোর সময়ে ‘চোর চোর’ স্লোগান, হাওড়ায় বিক্ষোভ বিজেপির

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রাক্তন মন্ত্রীর বাড়ির পাশের গলি, নিধিরাম মাঝি লেনের একটি বহুতলের নীচে থাকা গুদামঘরের সামনে। এ দিন সেখানে একটি মালবাহী গাড়ি থামিয়ে তাতে তোলা হচ্ছিল গুদাম থেকে বার করে আনা ত্রিপল, বস্ত্র, কম্বল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৮:৩০
Share:

— প্রতীকী চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে একটি গুদাম থেকে সরকারি ত্রাণের লক্ষাধিক টাকার জিনিসপত্র উদ্ধারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল। শনিবার সকালে ওই গুদাম থেকে কয়েক লক্ষ টাকার ত্রিপল, কম্বল, পোশাক ও প্লাস্টিক একটি পণ্যবাহী গাড়িতে তোলার সময়েবিজেপি কর্মীরা এসে গাড়িটি আটকান। তাঁরা অভিযোগ করেন, সরকারি ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিলেন প্রাক্তন মন্ত্রী। ক্ষোভে ফেটে পড়ে ওই বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন, ত্রাণ সামগ্রী বিলি না করে মজুত করে রাখা হয়েছিল কেন? শুধু তা-ই নয়, প্রাক্তন মন্ত্রীরওই গুদামে ত্রাণ সামগ্রীর সঙ্গে বেশ কিছু ক্রিকেট ব্যাট, উইকেট, হকিস্টিক ও সাইকেল কেন মজুত ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। উত্তেজিত বিজেপি নেতা-কর্মীরা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ‘চোর চোর’ বলে স্লোগান দিয়ে দরজায় ধাক্কাধাক্কিও করেন। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রাক্তন মন্ত্রীর বাড়ির পাশের গলি, নিধিরাম মাঝি লেনের একটি বহুতলের নীচে থাকা গুদামঘরের সামনে। এ দিন সেখানে একটি মালবাহী গাড়ি থামিয়ে তাতে তোলা হচ্ছিল গুদাম থেকে বার করে আনা ত্রিপল, বস্ত্র, কম্বল। বিজেপির এক স্থানীয় কর্মী এই ঘটনা দেখতে পায়ে দলীয় নেতৃত্বকে খবর দেন। এর পরে মধ্য হাওড়ার বিজেপির নেতা-কর্মীরা ওই গুদামের সামনে ছুটে এসে গাড়িটি আটকে দেন। তাঁরা নিজেরাই গুদামে ঢুকে সেখান থেকে সরকারি ত্রাণের জন্য বরাদ্দ বস্তা বস্তা ত্রিপল, কম্বল উদ্ধার করেন। সেই সঙ্গে বেশ কিছু ক্রিকেট ব্যাট, লেগ গার্ড, হকি স্টিক ও সাইকেল রাস্তায় বার করে আনেন। গুদাম থেকে ত্রাণের জিনিসপত্র উদ্ধারের পরেই মধ্য হাওড়ার বিজেপি কর্মীরা প্রাক্তন মন্ত্রীর নাম করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। তাঁরা জানান, পুলিশ-প্রশাসন আসার পরেই গাড়ি ছাড়া হবে। এর কিছু ক্ষণের মধ্যে কেন্দ্রীয় বাহিনী-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও দুপুর আড়াইটে পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চলে।

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাওড়া জেলার বিজেপির সহ-সভাপতি অজয় মান্না এবং জেলা বিজেপির আহ্বায়ক শিবশঙ্কর সাধুখাঁ বলেন, ‘‘ধরা পড়ার পরে প্রাক্তন মন্ত্রী এখন বলছেন, তিনি নাকি জেলাশাসককে ত্রাণ সামগ্রী ফেরত দিতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু জিনিসপত্র ফেরত দেওয়ার সময়ে চালানে দেখা যাচ্ছে, শুধুই ত্রিপল ফেরত দেওয়ার কথা লেখা আছে। বাকি জিনিসপত্র, যেমন, কম্বল এবং অন্যান্য সরঞ্জামের কোনও উল্লেখ নেই। তা হলে জেলাশাসকের নাম করে জিনিসপত্র কি অন্যত্র পাঠানো হচ্ছিল?’’

এই ঘটনাটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমি গত কালই জেলাশাসককে জানিয়েছিলাম যে, ইদ ও বর্ষার জন্য পাঠানো ত্রাণ সামগ্রী ফেরত দিতে চাই। তাই এ দিন গাড়ি পাঠিয়ে প্রশাসন তা ফেরত নিচ্ছিল। কিন্তু বিজেপির কিছু কর্মী এসে গাড়িটা আটকে দেন।’’

প্রাক্তন মন্ত্রী যে তাঁকে ত্রাণের জিনিস ফেরত দিতে চেয়ে ফোন করেছিলেন, তা অবশ্য স্বীকার করেছেন হাওড়ার জেলাশাসক। তিনি সাংবাদিকদের জানান, প্রাক্তন মন্ত্রী ত্রাণের জন্য পাঠানো জিনিসপত্র প্রশাসনের কাছে পাঠাবেন বলে জানিয়েছিলেন। সেই কাজই করছিলেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন