—প্রতীকী চিত্র।
সরকারি জায়গা দখল করে সেখানে দলীয় কার্যালয় তৈরি করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার লিলুয়ায় বুলডোজ়ার নিয়ে এসে সেই দলীয় কার্যালয় পুরোপুরি ভেঙে দিল স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি বিধানসভা কেন্দ্র এলাকার তৃণমূল যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী হাওড়া সদর তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সুরজিৎ পলাতক বলে জানা গিয়েছে। লিলুয়া এলাকার বাসিন্দা ওই যুব নেতা ভাগাড় সংলগ্ন একটি নিকাশি নালার উপরে অনেকটা অংশ দখল করে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেছিলেন বলে অভিযোগ। অস্থায়ী কোনও কাঠামো নয়। পুরোটাই তৈরি করা হয়েছিল কংক্রিট দিয়ে। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ বালির পুর প্রশাসনের তরফে ওই কার্যালয় বুলডোজ়ার নিয়ে এসে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
লিলুয়ায় নিকাশির সমস্যা দীর্ঘ দিনের। অল্প বৃষ্টিতেই বহু এলাকায় জল জমে যায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জায়গায় নিকাশি নালার উপরে বেআইনি নির্মাণ হওয়ার কারণেই এই সমস্যা। এর ফলে নালা বন্ধ হয়ে যাওয়ায় সেখানে ঠিক করে সাফাইকাজও করা যায় না। এ দিনের অভিযানে উপস্থিত ছিল লিলুয়া থানার পুলিশ বাহিনীও।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালির বিধায়ক সঞ্জয় সিংহ বলেন, ‘‘কোনও ভাবেই রাস্তা, নিকাশি নালা, ফুটপাত দখল করা চলবে না। এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার মূল কারণ হল, এই ভাবে নালা দখল করে বেআইনি নির্মাণ।’’ তিনি আরও বলেন, ‘‘নিকাশি নালা তো পুরসভার, অর্থাৎ, সরকারি জায়গা। তাই, মানুষের রায়কে সম্মান জানাতে এই সমস্ত বেআইনি দখলদারি ভাঙতেই হবে। না-হলে মানুষ কী ভাবে বুঝবেন, সঠিক পরিবর্তন হয়েছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে