Accidental Deaths

বেলুড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, মেদিনীপুর শহরে লরির ধাক্কায় মারা গেলেন বাইকচালক, বিক্ষোভ

রবিবার হাওড়ার বেলুড় এবং পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। মেদিনীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২
Share:

মেদিনীপুরে দুর্ঘটনায় মৃত্যুর পর বিক্ষোভ স্থানীয়দের। —নিজস্ব ছবি।

পৃথক দুর্ঘটনায় রাজ্যের দুই জেলার প্রাণ হারালেন দু’জন। রবিবার মেদিনীপুর শহর লাগোয়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রোড এলাকায় খয়রুল্লাচকে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। হাওড়ার বেলুড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার ভাইকাচক এলাকার বাসিন্দা অনুপকুমার মহাপাত্র রবিবার বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। গোলাপীচকের দিক থেকে এফসিআই গোডাউনের দিকে যাওয়া একটি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়েরা অনুপকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা অনুপকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়েরা জানাচ্ছেন, দুপুর সাড়ে ৩টা নাগাদ দুর্ঘটনা হয়। অন্য দিকে, অনুপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক।

Advertisement

অন্য দিকে, বেলুড়ে জিটি রোডে এক বৃদ্ধ সাইকেল আরোহী বাসের ধাক্কায় মারা গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পরশুরাম যাদব। সাইকেলে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। জিটি রোড ডন বস্কো মোড় পার করার সময় হাওড়া থেকে বালিগামী একটি যাত্রিবাহী তাঁকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান বৃদ্ধ। বাসের চাকা তাঁর উপর দিয়ে গড়িয়ে যায়। সিসিটিভিতে মর্মান্তিক সেই দৃশ্য দেখা গিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাস ফেলে চম্পট দেন চালক। বেলুড় পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাসটিকে আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement