শান্তি মিছিল বিজেপির, সক্রিয় বিক্ষোভকারীরাও

হাওড়ায় মুখ্যমন্ত্রীর মিছিলের আগের দিন মঙ্গলবার নতুন নাগরিকত্ব আইনের পক্ষে ‘শান্তি মিছিল’ করল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০২:২৯
Share:

ছবি: সংগৃহীত

হাওড়ায় মুখ্যমন্ত্রীর মিছিলের আগের দিন মঙ্গলবার নতুন নাগরিকত্ব আইনের পক্ষে ‘শান্তি মিছিল’ করল বিজেপি। আজ, বুধবার হাওড়া ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করার কথা। তার আগে এ দিন হাওড়া জেলা বিজেপির পক্ষে মধ্য হাওড়ার পঞ্চাননতলায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যার ফলে এ দিন সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। এ দিকে মঙ্গলবার থেকে আরও চব্বিশ ঘণ্টার জন্য ইন্টারনেট ব্যবহার বন্ধ রেখেছে প্রশাসন।

Advertisement

বিজেপির এ দিনের ওই মিছিল ঘিরে গোলমালের আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ তৈরি ছিল রাস্তায়। তবে এ দিনের মিছিলকে ঘিরে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। অন্য দিকে এ দিন বেলা সাড়ে ১০ টা নাগাদ নাজিরগঞ্জের হাসখালি পোল এলাকার কিছু বাসিন্দা নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠি চালিয়ে ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের হটিয়ে দেয়।

গত শনিবার থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হিংসাত্বক প্রতিবাদকে ঘিরে চরম বিশৃঙ্খলা হয়েছে। এ দিন তাই পুলিশ কঠোর মনোভাবেই ছিল। হাওড়া জেলা বিজেপির কেন্দ্রীয় অফিস থেকে বার হওয়া ওই মিছিলকে ঘিরেও তাই সকাল থেকেই উত্তেজনা দেখা যায়। যে জায়গা থেকে প্রথমে মিছিল শুরু হওয়ার কথা ছিল, সেই কদমতলা বাসস্ট্যান্ডের কাছে হাজির হন হাওড়া সিটি পুলিশের ডিসি (উত্তর) ওয়াই রঘুবংশী। যদিও পরে ঠিক হয় মিছিল হবে পঞ্চাননতলায় জেলা বিজেপির কেন্দ্রীয় অফিস থেকে হাওড়া ময়দান পর্যন্ত। ওই খবর আসার পরেই পুলিশ গিয়ে হাওড়া ময়দানমুখী মিছিলকে আটকে দেয়। পরে মিছিল ফের কদমতলার দিকে আসতে গেলে পাওয়ার হাউস মোড়ে পুলিশ ব্যারিকেড করায় মিছিল আর এগোয়নি। বিজেপি সমর্থকেরা সেখানেই বসে পড়েন। এক ঘণ্টা ধরে পঞ্চাননতলা রোড অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জামিনে মুক্তি দেয় পুলিশ।

Advertisement

সকাল সাড়ে ১০টা নাগাদ আন্দুল রোডের হাসখালি পোল এলাকার কিছু বাসিন্দা আন্দুল রোড অবরোধ করেন। যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ওই ব্যস্ত রাস্তা। বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ ঘটনাস্থলে ছুটে যায়। অবরোধ হটাতে পুলিশ লাঠি চালালে অবরোধকারীরাও পাল্টা ইট ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়।

হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, ‘‘ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে সব মিলিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement