Isha Koppikar’s Periods Essentials

ঋতুকালে কী কী জিনিস ছাড়া চলে না ঈশার, কোন বিষয় মাথায় রেখে ব্যাগ গোছানো উচিত এ সময়ে

ঋতুস্রাব নিয়ে সমাজে প্রকাশ্যে কথা বলার পরিসর ছিল না বলে চিরকাল লুকিয়ে রাখতে হত সব কিছু। তা সে স্যানিটারি ন্যাপকিন হোক বা পেট ব্যথা কমানোর ওষুধ কিংবা কালো প্লাস্টিক! কিন্তু সেই রেওয়াজ বদলানোর সময় এসে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৭:২০
Share:

ঈশা পিরিয়ডের সময়ে ব্যাগে কী কী রাখেন? ছবি: সংগৃহীত।

‘‘লিপস্টিকের মতোই ব্যাগে রাখো, গর্বের সঙ্গে’’, সময় বদলানোর বার্তা দিলেন বলিউ়ড অভিনেত্রী ঈশা কোপ্পিকর। তারই সঙ্গে জানালেন, ঋতুকালে ব্যাগে কোন ৪ জিনিস রাখেন তিনি। ঋতুস্রাব নিয়ে সমাজে প্রকাশ্যে কথা বলার পরিসর ছিল না বলে চিরকাল লুকিয়ে রাখতে হত সব কিছু। তা সে স্যানিটারি ন্যাপকিন হোক বা পেটে ব্যথা কমানোর ওষুধ কিংবা কালো প্লাস্টিক! কিন্তু সেই রেওয়াজ বদলানোর সময় এসে গিয়েছে।

Advertisement

অনেকেই আজও স্যানিটারি প্যাড বা ঋতু সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে ব্যাগে রাখেন। যেন প্রকাশ্যে দেখা গেলে অস্বস্তির কারণ হতে পারে। অথচ এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সে কথা মনে করিয়ে দিয়ে ঈশা তাঁর ঋতুস্রাবকালীন অভ্যাসের কথা বললেন। এ সময়ে তিনি মোট ৪টি জিনিস সঙ্গে নিয়ে চলেন। তিনি স্যানিটারি ন্যাপকিনের কথা বললেন প্রথমেই। তার সঙ্গে তাঁর দাবি, আত্মবিশ্বাসের সঙ্গে তা ব্যাগে রাখতে হবে। তা ছাড়া হাত পরিষ্কার রাখার জন্য স্যানিটাইজ়ার, ডার্ক চকোলেট এবং যে কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন (ফোনে যাতে সিরিজ়, সিনেমা দেখা যায় সহজে)।

অভিনেত্রী ঈশার মতো আপনি ব্যাগে কী কী রাখবেন? ছবি: সংগৃহীত

পিরিয়ডের সময়ে ব্যাগে কী কী রাখা জরুরি?

Advertisement

স্যানিটারি প্যাড বা প্রয়োজনীয় সামগ্রী

কারও পিরিয়ডের তারিখ মনে থাকে না, কারও মনে থাকলেও অনেক সময়ে চক্র এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রী সব সময়ে সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। না হলে রাস্তাঘাটে, অফিসে বা পার্টিতে অসুবিধায় পড়তে হতে পারে। যদি কেউ ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেন, সেটিও সঙ্গে রাখতে পারেন। কিন্তু যদি সে দু’টি যত্রতত্র পরতে সমস্যা হয়, তা হলে একটি ন্যাপকিন বা প্যাড রেখে দেওয়া উচিত। অনেকে পিরিয়ডের জন্য বিশেষ অন্তর্বাসও সঙ্গে রাখেন।

ব্যথা উপশমকারী সামগ্রী

ঋতুকালে পেটের যন্ত্রণায় ভোগেন অধিকাংশ মহিলাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। তবে ওষুধের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে চলাই ভাল। কারণ এর পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। ব্যথা কমানোর জন্য ওষুধের বিকল্প হিসেবে হিট প্যাক বা ওয়ার্মিং প্লাস্টার ব্যবহার করা অনেক বেশি নিরাপদ, যা পেটের অস্বস্তি কমিয়ে আরাম দিতে পারে। তা ছাড়া চিরাচরিত হট ওয়াটার ব্যাগও ব্যবহার করা যায়।

পিরিয়ডের সময়ে কী কী প্রয়োজন? ছবি: সংগৃহীত

জল ও ইলেকট্রোলাইট

পিরিয়ডের সময় শরীরে জলের অভাব দেখা দেওয়া স্বাভাবিক। এ সময়ে হরমোনের পরিবর্তনের কারণে পেটফাঁপা, মাথা ঘোরা বা ক্লান্তির মতো সমস্যাও হতে পারে। নিজেকে সুস্থ রাখতে জল, ডাবের জল, ইলেকট্রোলাইট ইত্যাদি পান করতে হবে। তা ছাড়া হজমের সমস্যা কমানোর জন্যও পর্যাপ্ত পরিমাণে জল পান করা দরকার এ সময়ে।

স্বাস্থ্যকর স্ন্যাক্‌স

এ সময়ে মাঝেমধ্যেই মুখ চালাতে ইচ্ছা করে। হরমোনের হেরফের হয় বলে মনমেজাজ ভাল থাকে না। তখন কোনও কোনও খাবার খেলে ভাল লাগতে পারে। কিন্তু তা বলে এক কৌটো আইসক্রিম বা পুরো প্যাকেটভর্তি চিপ্‌স শেষ করে দিলে তা স্বাস্থ্যের পক্ষে ভাল হবে না। তাই হাতের কাছে মাখানা, ছোলা, অঙ্কুরিত মুগ, ফলমূল, বাদাম, বীজ, ডার্ক চকোলেট রেখে দিতে পারেন। তাতে মেজাজ ভাল হতে পারে, শরীরও খারাপ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement