ধৃত লোকনাথ মাহাতো (বাঁ দিকে) এবং বিকি চৌধুরী। নিজস্ব চিত্র।
নিখোঁজ দুই নাবালিকাকে অপহরণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিকি চৌধুরী এবং লোকনাথ মাহাতো। ধৃত দুই যুবক বিবাহিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির ভদ্রেশ্বর থানার অন্তর্গত বিঘাটি গোবিন্দপাড়ার বাসিন্দা দুই নাবালিকা গত ২৯ মে থেকে নিখোঁজ ছিল। ২ জুন স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ভদ্রেশ্বর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে সিঙ্গুরের নাদা রামচন্দ্রপুর থেকে বিকিকে গ্রেফতার করে। বিকির এক আত্মীয়ের বাড়ি থেকে ৩ জুন অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এর পর বিকিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অন্য নাবালিকাকে নদিয়ার শান্তিপুরে রাখা হয়েছে। এর পর ভদ্রেশ্বর থানার পুলিশ ৪ জুন নদিয়ার শান্তিপুরে গিয়ে মোবাইলের সূত্র ধরে লোকনাথ মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করে। নাবালিকাটিকেও উদ্ধার করা হয়। অপহৃত দুই নাবালিকা একই স্কুলের ছাত্রী ছিল। তারা একই শ্রেণিতে পড়ত।
অপহৃত এক নাবালিকার বাবার দাবি, ‘‘দিন কয়েক আগে এক দুর্ঘটনায় আমার ছেলে গুরুতর আহত হয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়। ছেলেকে দেখতে আমরা প্রায়ই কলকাতায় যাই। বাড়িতে কোনও অভিভাবক না থাকার সুযোগ নিয়েই ওরা মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। ওকে ভিন রাজ্যে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল।’’ আরেক নাবালিকার ঠাকুমার দাবি, ‘‘ধৃতেরা দু’টি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করার চক্রান্ত করেছিল।’’
ধৃতদের চন্দননগর আদালতে তোলা হলে বিকিকে ৪ দিনের পুলিশ হেফাজত এবং লোকনাথকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ধৃতেরা কোনও নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।