Working Mother

নারী আন্দোলনের আলোচনার কেন্দ্রে শ্রমিক মায়েদের সমস্যা

আলোচনায় শুরুতেই দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ-সভাপতি তাপসী দলুই মাছ ধরা ও বিক্রির পেশায় মহিলাদের নানা বঞ্চনার দিক তুলে ধরেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কোনওটিতে লেখা, ‘শ্রমিক মায়ের ভোট চাও? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি দাও’। কোনওটিতে বলা হয়েছে, ‘এ বার ভোটে ইসু কী? আশাকর্মীর স্বীকৃতি’। কোনওটিতে তুলে ধরা হয়েছে, ‘পার্বতী আর সাবিনা, তাঁত চালিয়ে কোনও মেয়ের খরচ কুলায় না’। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার অশ্বিনী দত্ত রোডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের একতলায় এমনই একাধিক পোস্টারে নানা অধিকারের দাবি তোলেন কর্মজীবী নারীরা। সেখানেই মেয়েদের কাজের পরিস্থিতি, অভিজ্ঞতা এবং সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি দাবিপত্র প্রকাশ করল ‘নারী দিবস উদ‌্‌যাপন মঞ্চ’। মঞ্চের তরফে জানানো হয়, মঞ্চের মূল উদ্দেশ্য হল শ্রমজীবী নারীদের, বিশেষত শ্রমিক মায়েদের সমস্যা নারী আন্দোলনের কেন্দ্রে নিয়ে আসা। ৭ মার্চ মঞ্চের তরফে অধিকার আন্দোলনের উদ্দেশ্যে বেলা ২টোয় রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ডাকা হয়েছে।

আলোচনায় শুরুতেই দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ-সভাপতি তাপসী দলুই মাছ ধরা ও বিক্রির পেশায় মহিলাদের নানা বঞ্চনার দিক তুলে ধরেন। মহিলা ক্যাবচালক মানসী মৃধা জানান, মহিলাদের শৌচাগার না পাওয়া এবং সম-কাজে সম-বেতন না পাওয়ার অভিযোগের কথা। স্বপ্না ত্রিপাঠী তুলে ধরেন, পরিচারিকাদের সমস্যার দিক। জরায়ুর টিউমারের চিকিৎসা করাতে গিয়ে কাজ হারানোর কথাও উঠে আসে। সরকারি হাসপাতালে কাজের কতটা চাপ, তা উঠে আসে নার্স সংগঠনের প্রতিনিধি বিভা মাইতির কথায়।

এ দিন আলোচনায় ছিলেন অনিতা অগ্নিহোত্রী, যশোধরা রায়চৌধুরী, সোমায়া আখতার, অনির্বাণ চট্টোপাধ্যায় প্রমুখ। অনিতা বলেন, ‘‘সমাজের সব স্তরে অধিকারের প্রতি শ্রদ্ধা, মর্যাদা ও স্বীকৃতি যেন উবে গিয়েছে। বাংলার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, অধিকার আন্দোলনের প্রতি আঘাত।’’ যশোধরা বলেন, ‘‘অধিকার আন্দোলনের প্রেক্ষিত আমাদের রয়েছে, কিন্তু আন্দোলনের উপস্থিতি দেখা যাচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে রাষ্ট্রই সব করে দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন