তাড়াহুড়ো: সরকারি অনুমতি মেলার আগেই খুলে গেল মঙ্গলাহাটের কিছু দোকান। সোমবার, হাওড়ায়। ছবি: দীপঙ্কর মজুমদার।
অবশেষে হাওড়া ময়দান চত্বরে মঙ্গলাহাটের হকারদের সোম ও মঙ্গলবার সময় কমিয়ে ফুটপাতে বসার অনুমতি দিল হাওড়া জেলা প্রশাসন ও পুলিশ। কোন কোন ফুটপাতে জামাকাপড় নিয়ে হকারেরা বসতে পারবেন, তা চিহ্নিত করবে পুলিশই। প্রশাসনের নির্দেশ, হাট ব্যবসায়ীরা রাত ১২টার পরে ফুটপাতে বসতে পারবেন। তবে সকাল ৭টার মধ্যে তাঁদের উঠে যেতে হবে। আগের মতো দুপুর ২টো পর্যন্ত বসা যাবে না। হাওড়া হাট ব্যবসায়ী সংগঠন প্রশাসন ও পুলিশের এই শর্ত মেনে নিয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ মতো গত সপ্তাহেই পুলিশ মাইকে ঘোষণা করে জানায়, রাস্তা বা ফুটপাত দখল করে হাট বসতে দেওয়া হবে না। কেউ যদি বসেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার জেরে প্রায় ১০ হাজার মানুষের রুটিরুজি বন্ধ হওয়ার উপক্রম হয়। হাওড়া জেলা প্রশাসন ও পুলিশের কাছে বার বার আবেদন জানায় হাট ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার রাতে নবান্নের নির্দেশ পেয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া ও হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। হাওড়া ময়দান চত্বরের ফুটপাতে শর্তসাপেক্ষে সপ্তাহে দু’দিন বসার অনুমতি সেখানেই মেলে। হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত বলেন, ‘‘বসার সময় বেঁধে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল যাতে বাধাপ্রাপ্ত না হয়, সে জন্য রাস্তায় কোনও মাল নামানো বা ওঠানো যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে