Road Accident

দুর্ঘটনা প্রাণ কাড়ল নাবালকের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ রাজারহাটের ৯১ রোড ধরে শিখরপুরের দিক থেকে ঝালগাছির দিকে যাচ্ছিল একটি মোটরবাইক। বাইকের পিছনে বসেছিল দশম শ্রেণির ছাত্র রোহিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৫:৪৮
Share:

—প্রতীকী চিত্র।

বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ফের পথ দুর্ঘটনা। তাতে ফের মৃত্যু। এ বার এক নাবালকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজারহাটের ঝালগাছি এলাকায়। মৃতের নাম রোহিত বিশ্বাস ওরফে ঈশান (১৫)। ঘটনায় তার এক আত্মীয়েরও অল্পবিস্তর আঘাত লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ রাজারহাটের ৯১ রোড ধরে শিখরপুরের দিক থেকে ঝালগাছির দিকে যাচ্ছিল একটি মোটরবাইক। বাইকের পিছনে বসেছিল দশম শ্রেণির ছাত্র রোহিত। বাইক চালাচ্ছিলেন তারই আত্মীয় অনুপম বিশ্বাস। মাঝপথে আচমকা একটি সিমেন্ট-বালি মিশ্রণের বড় গাড়ি একেবারে কাছাকাছি চলে আসে বাইকটির। পুলিশের ধারণা, সেই সময়ে ওই গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। তাতেই রাস্তায় ছিটকে পড়ে রোহিত ও অনুপম। রোহিতের মাথায় গুরুতর চোট লাগে।

ঘটনাটি দেখে স্থানীয়েরা ছুটে এসে দ্রুত ওই দু’জনকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, ওই রাস্তা ধরে লরি, সিমেন্ট-বালি মিশ্রণের গাড়ি-সহ ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কোনও হেলমেট মেলেনি। সিমেন্ট-বালি মিশ্রণের গাড়িটি আটক করা হয়েছে। যদিও সেটির চালক ও খালাসি পলাতক।

এ দিনের দুর্ঘটনা নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হল। পুলিশের দাবি, গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসানো, ট্র্যাফিক কর্মী মোতায়েন করা থেকে শুরু করে নজরদারির ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পথ-বিধি ভাঙলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাশাপাশি, লাগাতার চলছে সচেতনতার প্রচার। এত কিছুর পরেও অনেকে সচেতনহচ্ছেন না। এই দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা বিশ্লেষণ করে কঠোর পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন