Dilip Ghosh on Cow

গরুকে আদর করলে রক্তচাপ কমে! ‘গরুর দুধে সোনা’র পর গোমাতা নিয়ে মন্ত্রী দিলীপের নয়া দাবি

মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত, প্রাণিসম্পদ, কৃষি বিপণন দফতরের মন্ত্রী উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানে গরুর উপকারিতার কথা জানান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:২৮
Share:

গোমাতাকে আদর দিলীপ ঘোষের। —ফাইল চিত্র।

গরুর দুধে সোনার দাবি কিংবা ‘দেশি গরু মা, জার্সি গরু মাসিমা’, গোমাতা নিয়ে তাঁর মন্তব্যে বিতর্ক হলেও দিলীপ ঘোষ নিজস্ব অবস্থানে অনড়। এ বার মন্ত্রী দিলীপ জানালেন, রক্তচাপ স্বাভাবিক রাখতেও গরুর জুড়ি মেলা ভার। গরুকে আদর করলে উচ্চ রক্তচাপ কমে।

Advertisement

মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত, প্রাণিসম্পদ, কৃষি বিপণন দফতরের মন্ত্রী উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানে গরুর উপকারিতা নিয়ে বিজেপির মন্ত্রী বলেন, ‘‘গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে।” তিনি আরও বলেন, “গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।’’

কয়েক বছর আগে দিলীপের মতো ঠিক একই দাবি করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘‘গরুর পিঠ থেকে ঘাড়ের দিকে মালিশ করলে রক্তচাপ সারে।’’ মঙ্গলবার গোমাতা প্রসঙ্গে দিলীপ জানান, গোবরেও রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তাঁর মন্তব্য, ‘‘শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।’’

Advertisement

২০১৯ সালে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ জানিয়েছিলেন গরুর দুধে সোনা আছে। ২০১৯ সালে বর্ধমানের একটি জনসভায় তিনি দাবি করেছিলেন, দেশি গরুর কুঁজে এক ধরনের স্বর্ণনাড়ি থাকে, যার সাহায্যে সূর্যের আলো থেকে গরু সোনা তৈরি করতে পারে। তাই দেশি গরুর দুধে সোনার মতো উপাদান বা হলুদ আভা থাকে। করোনাকালে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গোমূত্রের জুড়ি মেলা ভার বলেছিলেন দিলীপ। তা নিয়ে ব্যাপক আলোচনা হয়, বিতর্ক বাধে। পাল্টা দিলীপের খোঁচা ছিল, ‘‘আমি গরুর কথা বললেই অনেকে অস্বস্তিবোধ করেন। আসলে গাধারা কখনও গরুর মর্ম বুঝবে না।’’

মঙ্গলবার দিলীপ জানান, দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে গোশালার মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে গরুর গুণাগুণ জানালেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement