বৃহস্পতিবার ১২৫ দিনের কাজের সূচনা হল। জব কার্ড হাতে মহিলারা। ছবি: গৌতম প্রামাণিক।
রাজ্যে ১২৫ দিনের কাজের প্রকল্প চালু হল। ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন’ নামে ওই প্রকল্পের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক থেকে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন, লালবাগের মহকুমাশাসক পূজা মিনা, ব্লকের বিডিও মানসকুমার বাগ-সহ আধিকারিকেরা।
রাজ্যে নতুন সরকারের আমলে কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে এই প্রকল্প চালু হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের ৬০ শতাংশ টাকা কেন্দ্র এবং ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার দেবে। এ দিন ব্লক অফিসে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর পঞ্চায়েতের বেলিয়া গ্রামে যান জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকেরা। সেখানে একটি পুকুর খনন শুরু করেন শ্রমিকেরা।
জেলাশাসক বলেন, ‘‘গ্রামীণ পরিবারের জন্য বছরে ১২৫ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। আগে এটি ছিল ১০০ দিনের। দৈনিক মজুরি ন্যূনতম হার ৩০০ টাকা নির্ধারিত হয়েছে। এতে গ্রামীণ শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি পাবে।’’ তিনি জানান, কর্মসূচির আওতায় আগামী তিন মাসের জন্য মোট ১০১৯টি উন্নয়নমূলক কাজ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজগুলির মাধ্যমে আনুমানিক ১১ লক্ষ ৩৮ হাজার ৯০৯টি কর্মদিবস সৃষ্টি হবে। খরচ হবে ৩৪ কোটি ১৯ লক্ষ ৬৩ হাজার টাকা। তিনি বলেন, ‘‘রাজ্যে সব জেলায় এই কাজ শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে এই কাজ শুরু হয়েছে।’’ কাজের নিশ্চয়তা পেয়ে খুশি জেলাবাসী। কার্তিক হালদার নামে এক উপভোক্তা বলেন, ‘‘এই কাজ শুরু হওয়ায় আমাদের অনেক সুবিধে হল।’’ প্রসাদপুর পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ ছিল। ফের কাজ শুরু হওয়া স্বস্তির খবর।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে