— প্রতীকী চিত্র।
গল্ফগ্রিনের অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতলের চার তলার ফ্ল্যাটে একত্রবাস করতেন তাঁরা। ওই ফ্ল্যাটেই মাঝমধ্যে থাকতেন আরও এক যুগল। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে মাদক। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মৃত তরুণ এবং তরুণী। তরুণীর বাড়ি কলকাতার রামগড়ে। তরুণের বাড়ি তিলজলায়। রবিবার সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যুগলের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আরও এক যুগল এসে থাকত। শনিবার রাতে তাঁরা ছিল কি না, স্পষ্ট নয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার-পাঁচ মাস ধরে গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকত যুগল। তরুণ একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বাড়ির মালিক জানিয়েছেন, তরুণীকে ফ্ল্যাট থেকে খুব একটা বেরোতে দেখা যেত না। তিনি বেশিরভাগ সময় ঘরেই থাকতেন। পুলিশের একটি সূত্র প্রাথমিক ভাবে মনে করছে, ওই যুগলের মাদক সেবনের প্রবণতা ছিল।
পুলিশ জানিয়েছে, তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে গিয়েও আঘাত লাগতে পারে। কী ভাবে আঘাত লেগেছিল, তা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হলেই স্পষ্ট হবে। পুলিশের একটি সূত্রের মতে, মাদক সেবনের কারণে মৃত্যু হতে পারে যুগলের। ময়নাতদন্তের পরে বিষয়টি জানা যাবে। তরুণ এবং তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। দু’জনের বাড়ির লোকজন থানায় গিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।