Calcutta High Court

হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া সংস্কার নয়, লা মার্টিনিয়ার স্কুলের কাজে স্থগিতাদেশ হাই কোর্টের

হাই কোর্ট জানায়, আগামী তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। তার পরেই পরবর্তী নির্দেশ নিয়ে বিবেচনা করবে আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলে সংস্কার এবং নির্মাণকাজের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি গৌরাঙ কান্তের নির্দেশ, রাজ্য হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া ওই স্কুলে সংস্কারের কোনও কাজ করা যাবে না। এ ক্ষেত্রে পুরসভার সিদ্ধান্তে সিলমোহর দিল হাই কোর্ট।

Advertisement

কলকাতার লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলের কর্তৃপক্ষ ভবনের সংস্কার করতে চেয়েছিলেন। তাতে বাধা দিয়েছিল পুরসভা। তারা জানিয়েছিল, হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া ওই দুই স্কুলের ভবনের সংস্কার করা যাবে না। ওই মর্মে স্কুলকে সংস্কারের কাজ না করার জন্য নোটিস পাঠায় পুরসভা। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান স্কুল কর্তৃপক্ষ। হাই কোর্ট জানায়, স্কুলের সংস্কারকাজের বিরোধিতা করা হচ্ছে না। কিন্তু হেরিটেজ কমিশনের অনুমতি নিতে হবে। বিচারপতি স্কুল কর্তৃপক্ষের আইনজীবীকে বলেন, ‘‘এটা আপনার বাড়ি নয়। সাধারণ স্কুল হলে বুঝতাম। ভুলে যাবেন না, এই স্কুল শহরের হেরিটেজের অঙ্গ।’’ পুরসভার তরফে আইনজীবী জানান, ২০১৭ সালে ওই স্কুল সংস্কারের জন্য হেরিটেজ কমিশনের অনুমতি নিয়েছিল। কিন্তু অনুমতি ছাড়াই কাজ করতে চাইছেন স্কুল কর্তৃপক্ষ।

হাই কোর্ট জানায়, আগামী তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। তার পরেই পরবর্তী নির্দেশ নিয়ে বিবেচনা করবে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই দু’টি স্কুলের ভবন হেরিটেজ সংরক্ষণের আওতায় পড়ে। তাই হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া সংস্কারের কাজ করতে পারবেন না কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement