Calcutta High Court

কিডনি প্রতিস্থাপনের অনুমতি, কড়া নির্দেশ হাই কোর্টের

মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এবং শিঞ্জিনী চক্রবর্তী জানান, নরেন্দ্রপুরের বাসিন্দা ওই মহিলা ২০২১ সাল থেকে কিডনির অসুখে ভুগছেন। ২০২৫ সালের মে মাসে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান, কিডনি প্রতিস্থাপন জরুরি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৫:৫৯
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গুরুতর অসুস্থ এক মহিলার কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত অনুমতি দিতে রাজ্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য স্বাস্থ্য দফতর ওই মহিলার কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেবে। তার পরের ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার সংক্রান্ত বিষয় চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে। কোর্টের খবর, ওই মহিলার পরিবারের কোনও সদস্য কিডনি দান করার পরিস্থিতিতে নেই। এই অবস্থায় এক ব্যক্তি কিডনি দান করতে এগিয়ে এসেছেন। সব নিয়ম মানলেও স্বাস্থ্য দফতর অনুমতি না-দেওয়ায় ওই মহিলার স্বামী হাই কোর্টে মামলা করেছিলেন।

মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এবং শিঞ্জিনী চক্রবর্তী জানান, নরেন্দ্রপুরের বাসিন্দা ওই মহিলা ২০২১ সাল থেকে কিডনির অসুখে ভুগছেন। ২০২৫ সালের মে মাসে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান, কিডনি প্রতিস্থাপন জরুরি। মহিলার কোনও নিকটাত্মীয় কিডনি দিতে শারীরিক ভাবে সক্ষম নন। এই অবস্থায় এক ‘পরিচিত’ ব্যক্তি কিডনি দিতে এগিয়ে এসেছেন। নিয়ম অনুযায়ী, অনাত্মীয় ব্যক্তির কিডনি নেওয়ার জন্য সরকারি স্তরে অনুসন্ধান হয়েছিল। সেখানে আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। তার পরেও স্বাস্থ্য দফতর অনুমতি দেয়নি। কোর্টে সরকারি কৌঁসুলি রিপোর্ট পেশ করে জানান, ওই মহিলার প্রতিস্থাপন সংক্রান্ত আর্জি খারিজ করা হয়েছে। যদিও তার কারণ রিপোর্টে ছিল না। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি দিতে নির্দেশ দেন বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন