Russia In West Asia Conflict

পরোক্ষে যুদ্ধে ঢুকে পড়েছে রাশিয়াও? মার্কিন-ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে লাগাতার তথ্য যাচ্ছে তেহরানে, দাবি রিপোর্টে

ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক এবং কূটনৈতিক সহাবস্থানের সম্পর্ক দীর্ঘ দিনের। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া বা চিন সরাসরি যোগ দেওয়ার কথা বলেনি। তবে মার্কিন আগ্রাসনের নিন্দা তারা করেছে কড়া ভাষায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৮:৪৭
Share:

(বাঁ দিক থেকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া বা চিনকে নিয়ে তাঁরা চিন্তিত নন, আগেই দাবি করেছিলেন আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। প্রকাশ্যে রাশিয়া বা চিন যুদ্ধে যোগ দিয়ে ইরানকে সাহায্য করার বিষয়ে কোনও মন্তব্যও করেনি। কিন্তু রিপোর্টে দাবি, রাশিয়া ইতিমধ্যে কলকাঠি নাড়তে শুরু করে দিয়েছে। লাগাতার মস্কো থেকে গোয়েন্দা তথ্য পৌঁছে যাচ্ছে তেহরানে!

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে। তাদের সাহায্য ছাড়া ইরান যুদ্ধে বেশি দূর এগোতেই পারত না। দাবি, গত শনিবার আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী ইরানে হামলা চালানোর পরেই তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। ফলে ইরানের সেনাবাহিনী সার্বিক ভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তার পরেও ইরান কিন্তু পিছু হটেনি। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থি‌ত মার্কিন ঘাঁটিগুলিতে নিখুঁত ভাবে নিশানা করছে তারা। একাধিক ঘাঁটি ইরানি আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ছ’জন মার্কিন সেনার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আহত আরও অনেকে। রিপোর্টে দাবি, মস্কোর সাহায্য ছাড়া এটা সম্ভব নয়।

গত রবিবার কুয়েতের শুয়াবিয়া বন্দরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ওমান, বাহরিন, ইরাক, জর্ডনের মতো একাধিক দেশে হামলা হয়েছে। রাশিয়ার সামরিক শক্তি বিশেষজ্ঞ দারা ম্যাসিকট মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ইরান খুব নিখুঁত হামলা চালাচ্ছে। খুব পরিকল্পিত ভাবে তারা কাজ করছে। ওদের মিলিটারি-গ্রেড স্যাটেলাইটের সংখ্যা হাতেগোনা। নিজস্ব কোনও স্যাটেলাইট কনস্টেলেশনও নেই। মনে হচ্ছে, রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি এখানে কাজে লাগছে।’’

Advertisement

ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক এবং কূটনৈতিক সহাবস্থানের সম্পর্ক দীর্ঘ দিনের। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া বা চিন সরাসরি যোগ দেওয়ার কথা বলেনি। তবে ইরানের উপর মার্কিন-ইজ়রায়েলি হামলার নিন্দা তারা করেছে কড়া ভাষায়। এ-ও জানিয়েছে, তেহরান যে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে, তার কোনও প্রমাণ নেই। সংঘাত অবিলম্বে থামিয়ে কূটনীতি এবং আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর দাবি জানিয়েছে বেজিং। তারা আমেরিকার হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় গত শনিবার সকালেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরান মাথা নত করার কোনও ইঙ্গিত এখনও দেয়নি। বরং পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তেহরান থেকে। সঙ্গে চলছে হামলা। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, ইরানের নেতাদের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement