Protest at Swasthya Bhaban

নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রার্থীদের

বিক্ষোভকারীরা জানান, সমস্ত বিভাগের জন্য ইন্টারভিউ হলেও ২০২৩ সাল পর্যন্ত আইনি জটিলতায় ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজিস্ট পদে পরীক্ষা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭
Share:

স্বাস্থ্য ভবন। ফাইল চিত্র।

দীর্ঘ দিন ধরে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের দাবিতে বার বার স্মারকলিপি দিলেও সুরাহা হয়নি। দ্রুত সেই প্রক্রিয়া শেষ করার দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) পদের কয়েকশো পরীক্ষার্থী। পরে তাঁদের একটি প্রতিনিধিদল স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দেখা করে কথা বলে। যদিও এ দিনও সদর্থক কোনও দিশা মেলেনি বলেই খবর।

২০২১ সালে রাজ্য হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সরকারি হাসপাতালের ল্যাবরেটরি, ক্রিটিকাল কেয়ার-সহ বিভিন্ন বিভাগে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। বিক্ষোভকারীরা জানান, সমস্ত বিভাগের জন্য ইন্টারভিউ হলেও ২০২৩ সাল পর্যন্ত আইনি জটিলতায় ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজিস্ট পদে পরীক্ষা হয়নি। জটিলতা কাটিয়ে ২০২৫-এর জুলাইয়ে আড়াই-তিন হাজার পরীক্ষার্থী ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজিস্ট পদের জন্য ইন্টারভিউ দেন। কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফল বেরোয়নি। বিক্ষোভকারীদের তরফে রাজকুমার শী বলেন, ‘‘সরকারি ক্ষেত্রে ৩৮০০ মতো ল্যাবরেটরি মেডিক্যাল টেকনোলজিস্ট পদ ফাঁকা। কিন্তু নিয়োগ হচ্ছে না।’’

অবিলম্বে সফল প্রার্থীদের প্যানেল প্রকাশের দাবিতে এ দিন বেলা সাড়ে ১২টা থেকে স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হন প্রায় ৩৫০ জন ল্যাব-টেকনিশিয়ান। যদিও পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় বসেই তাঁরা বিক্ষোভ শুরু করেন। দুপুর ৩টে পর্যন্ত বিক্ষোভ চলার পরে তাঁদের কয়েক জন প্রতিনিধি স্বাস্থ্য ভবনে গিয়ে কর্তাদের সঙ্গে কথা বলেন। এর পরে তাঁরা হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের এক কর্তার সঙ্গে দেখা করেন। রাজকুমার বলেন, ‘‘আইনি জটিলতায় ফল প্রকাশ করতে না পারার সমস্যাটি বুঝিয়ে বলেছেন অফিসারেরা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন।’’ বৈঠকের পরে বিক্ষোভকারীরা এ দিন চলে গেলেও আলোচনা করে পরবর্তী কর্মসূচি স্থির করবেন বলেও জানান রাজকুমার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন