দাবি: প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কলকাতা পুরসভার পাশে অবস্থান-বিক্ষোভে দৃষ্টি প্রতিবন্ধী-সহ অন্যেরা। শুক্রবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।
প্রতিবন্ধীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করার দাবিতে কলকাতা পুরসভার সামনে শুক্রবার বেলা ১২টা নাগাদ বিক্ষোভ দেখাল ‘পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ’। ওই মঞ্চের সদস্যদের অভিযোগ, এ বারের রাজ্য বাজেটে যেখানে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বা বেতন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, সেখানে তাঁদের ভাতা বেড়েছে মাত্র ৫০০ টাকা। তাঁদের মাসিক ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকা করার দাবি ওঠে বিক্ষোভ থেকে।
মঞ্চের সদস্যদের অভিযোগ, এ বার বাজেটে ৫০০ টাকা বাড়ায় তাঁদের মাসিক ভাতা হয়েছে দেড় হাজার টাকা। কিন্তু বিজেপি তাদের সঙ্কল্পপত্রে লিখেছিল, তারা এ রাজ্যে ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের ভাতা ২০০০ টাকা করা হবে। যা হয়নি। বহু দরিদ্র প্রতিবন্ধী অপুষ্টিতে ভুগছেন, তাঁদের চিকিৎসা প্রয়োজন। অনেকেরই রোজগারের কোনও সুযোগ নেই। আবার কোনও প্রয়োজনে কোথাও যাতায়াত করতে হলেও তাঁদের খরচ অনেক বেশি হয়। ফলে, যৎসামান্য ভাতায় তাঁদের প্রয়োজন মেটে না। প্রবল গরম উপেক্ষা করেই এ দিন প্রতিবন্ধী মানুষেরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
এ দিকে, উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা বেতন বৃদ্ধির সুবিধা থেকে বার বার বঞ্চিত থাকছেন। দীর্ঘ ২৩ বছর ধরে বঞ্চনা চলছে। ‘পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বলেন, ‘‘পূর্ণ সময়ের শিক্ষকের মতো কাজ করেও আমাদের মাসিক বেতন মাত্র ১৫২১৮ টাকা। বিজেপি নির্বাচনী সঙ্কল্পপত্রে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের সম্মানজনক বেতনের কথা বলেছিল। কিন্তু এ বারের রাজ্য বাজেটে অন্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লেও আমরা সেই ব্রাত্যই থেকে গেলাম।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে