Justice Radhabinod Pal Sarani

এসপ্ল্যানেডে রাস্তার নামকরণ হচ্ছে বিচারপতি রাধাবিনোদ পালের নামে, জাপানে কথা দিয়েছিলেন অভিষেক, অনুমোদন হাই কোর্টের

গত বছর জাপানে বিচারপতি পালের পরিবারের সঙ্গে দেখা হয় অভিষেকের। তাঁদের তরফেই আর্জি ছিল, প্রয়াত বিচারপতির স্মরণে কলকাতায় কোনও একটি রাস্তার নামকরণের। বৃহস্পতিবার তাতে অনুমোদন দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬
Share:

অভিষেকের উদ্যোগে নাম পরিবর্তন হচ্ছে এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর। —ফাইল চিত্র।

এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তিত হয়ে হচ্ছে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি। কলকাতা পুরসভা আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল। বৃহস্পতিবার তাতে অনুমোদন দিল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে গত বছর জাপানে গিয়ে প্রয়াত বিচারপতির পরিবারকে কথা দিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ‘স্বরূপ’ তুলে ধরতে বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারই একটি দলের সদস্য হিসাবে জাপান-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সফর করেছিলেন অভিষেক। সেই পর্বেই জাপানে বিচারপতি পালের পরিবারের সঙ্গে দেখা হয় অভিষেকের। তাঁদের তরফেই আর্জি ছিল, প্রয়াত বিচারপতির স্মরণে কলকাতায় কোনও একটি রাস্তার নামকরণের।

কয়েক মাস আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। তবে প্রক্রিয়াগত কারণে এই এলাকার রাস্তার নাম বদলের ক্ষেত্রে হাই কোর্টের অনুমোদন প্রয়োজন ছিল। বৃহস্পতিবার তাতে আনুষ্ঠানিক অনুমোদন দিল আদালত।

Advertisement

বিচারপতি হওয়ার আগে রাধাবিনোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেছিলেন। হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু মামলা শোনার দায়িত্ব তাঁকে দিয়েছিল আন্তর্জাতিক আদালত। সেই পর্ব থেকেই তিনি ‘জাপানের বন্ধু’ হিসাবে খ্যাত। টোকিও শহরে তাঁর নামাঙ্কিত জাদুঘরও রয়েছে। এ বার কলকাতাতেও রাস্তার নামকরণ হল রাধাবিনোদের নামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement