কলকাতা মেট্রো। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনের মাঝে ডাউন লাইনে ভেঙে পড়ল একটি গাছ। তার জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে গাছ সরানোর কাজ শুরু হয়। ফলে ভাঙাপথে চালাতে হয়েছে মেট্রো। মহানায়ক উত্তমকুমার এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল। ঘণ্টা দেড়েক পর পরিষেবা স্বাভাবিক হয়।
কয়েক দিন ধরেই শহরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। কখনও কখনও বইছে ঝোড়ো হাওয়া। তার প্রভাবেই গোড়ার নরম মাটি সরে গিয়ে বৃহস্পতিবার দুপুরে একটি গাছ মেট্রোর লাইনে পড়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যে সময় গাছটি লাইনের উপর পড়ে, তখন ওই জায়গায় লাইনে কোনও মেট্রোর রেক ছিল না।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নান জানিয়েছেন, তাঁদের কর্মীরা দ্রুত ওই গাছ সরানোর কাজ শুরু করে দিয়েছিলেন। ফলে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়। তাঁর কথায়, ‘‘বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিট নাগাদ ঝড়বৃষ্টির কারণে একটি গাছ লাইনের উপর পড়ে গিয়েছে। আমরা সেটি দ্রুত সরানোর কাজ শুরু করেছি। আপাতত মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা পাওয়া যাচ্ছে। কিছু ক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।’’
পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, বিকেল ৩টে ৫৩ মিনিট নাগাদ পুরপথে পরিষেবা চালু হয়।