West Bengal Weather Update

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে, ভিজবে উত্তরও! ১০ জেলায় জারি সতর্কতা, কী পূর্বাভাস কলকাতায়

কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই পূর্বাভাস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১০:২৯
Share:

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। —ফাইল চিত্র।

ফাল্গুনের শেষে পশ্চিমবঙ্গের আকাশে ফের ঘূর্ণাবর্তের মেঘ। শনিবার বিকেলে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। যদিও তার জন্য তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

Advertisement

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে সারা সপ্তাহই ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের প্রতিটি জেলায়, শনিবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে আপাতত সতর্কতা শুধু সোমবারের জন্য। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে অক্ষরেখা ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ হয়ে বিস্তৃত উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত। তার প্রভাবেই গাঙ্গেয় বঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement