KMC Hawker

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আবেদন পুর কমিশনার, পুলিশেরও

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়ে দেন, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কোনও সরকারি নোটিসও জারি করা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২০:১১
Share:

সাংবাদিক বৈঠকে পুলিশকর্তা ডিপি সিংহ এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

বইপাড়া কলেজ স্ট্রিট এলাকায় হকার উচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়ে সরব হল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়ে দেন, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কোনও সরকারি নোটিসও জারি করা হয়নি। তিনি সাধারণ মানুষ ও হকারদের গুজবে কান না দেওয়ার আবেদন জানান।

Advertisement

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিংহও। পুর কমিশনার বলেন, “অনেক রকম গুজব রটানো হচ্ছে। হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন ধরনের নোটিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি এআই ব্যবহার করে ভুয়ো নোটিস তৈরি করা হচ্ছে বলেও আমাদের নজরে এসেছে। কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে কোনও নোটিসও জারি করা হয়নি।”

তিনি আরও জানান, কলেজ স্ট্রিট চত্বরে হকার উচ্ছেদ করা হবে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের গুজবের মাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিংহ বলেন, “কলকাতা পুলিশের পক্ষ থেকেও এ ধরনের কোনও নোটিস জারি করা হয়নি। আমাদের কাছে এমন কোনও তথ্য বা নির্দেশও নেই। ফলে যে সব নোটিস বা খবর প্রচার করা হচ্ছে, তা সরকারি নয়।”

Advertisement

সাংবাদিক বৈঠকে বর্ষা-প্রস্তুতি নিয়েও কথা বলেন পুর কমিশনার। তিনি জানান, এবার বর্ষার মোকাবিলার বৈঠক বরোভিত্তিক ভাবে আয়োজন করা হবে। এর আগে রাজ্যস্তরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বরো এলাকায় জলনিকাশি ও বর্ষাকালীন পরিকাঠামো নিয়ে পৃথক ভাবে আলোচনা করা হবে। পুর প্রশাসনের সাম্প্রতিক পদত্যাগ ইস্যু নিয়েও মন্তব্য করেন স্মিতা পাণ্ডে। তিনি বলেন, ‘‘নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং পদত্যাগপত্র জমা দিলেও তা এখনও গৃহীত হয়নি। সেই কারণে তাঁকেও আসন্ন প্রি-মনসুন বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।’’ একই সঙ্গে তিনি আরও বলেন, “পদত্যাগ করা এক বিষয়, আর পদত্যাগপত্র গৃহীত হওয়া আরেক বিষয়। এখনও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।”

মেয়রের পদ নিয়েও জল্পনার অবসান ঘটিয়ে পুর কমিশনার বলেন, “বর্তমানে ফিরহাদ হাকিমই কলকাতার মেয়র রয়েছেন।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা সর্বদা প্রস্তুত এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement