Unnatural Death

বন্ধ ফ্ল্যাটে তরুণীর দেহ, খুনের অভিযোগ পিসির

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তরুণীর বাবা থাকেন পিয়ালি এলাকায়। প্রিয়াঙ্কার মা মারা যাওয়ার পরে বাবা আবার বিয়ে করেন। বছর দশেক আগে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা। একাই থাকতে শুরু করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৬:৫৯
Share:

প্রিয়াঙ্কা গায়েন। — ফাইল চিত্র।

বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনারপুরের বারেন্দ্রপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা গায়েন (২৭)। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। যদিও মৃতার এক আত্মীয়া দাবি করেছেন, তাঁকে খুন করা হয়েছে। তদন্তকারীরা জানান, প্রিয়াঙ্কার দেহে পচন ধরে গিয়েছিল। যা থেকে অনুমান, দিন দুয়েক আগেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তরুণীর বাবা থাকেন পিয়ালি এলাকায়। প্রিয়াঙ্কার মা মারা যাওয়ার পরে বাবা আবার বিয়ে করেন। বছর দশেক আগে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা। একাই থাকতে শুরু করেন। পরে ফ্ল্যাটটি কেনেন। বিয়ে করলেও পরে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায় বলে জানতে পেরেছে পুলিশ। ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। পরিবারের দাবি, প্রিয়াঙ্কা একটি বিউটি পার্লারে কাজ করতেন। নিজের পিসির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত শনিবার থেকে তরুণীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পিসি।মঙ্গলবার ফ্ল্যাটে এসে খোঁজ করতে গিয়ে তিনি দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এর পরেই আশপাশের লোকজনকে ডাকেন তিনি। পুলিশে খবর দেওয়া হয়।

তরুণীর পিসি বন্দনা প্রসাদ বলেন, “আমাদের ধারণা, ওকে খুন করা হয়েছে। ও আত্মহত্যা করতে পারে না। পুলিশ তদন্ত করে দেখুক।” পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন