PM Modi on International Yoga Day

রেড রোডে যোগাভ্যাস মোদীর, একাধিক আসন অনুশীলন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুধরেও দিলেন কারও কারও যোগ-ভঙ্গি

প্রধানমন্ত্রী নিজে যোগ অভ্যাস করেছেন। একাধিক আসনের অনুশীলনে তাঁকে যোগ দিতে দেখা গিয়েছে। পরে তিনি যোগ-স্থানে ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন দেখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৭:৩৩
Share:

রেড রোডে যোগাভ্যাস পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে। ছবি: ভিডিয়ো থেকে।

কলকাতার রেড রোডে উদ্‌যাপিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রধানমন্ত্রী নিজে যোগ অভ্যাস করেছেন। একাধিক আসনের অনুশীলনে তাঁকে যোগ দিতে দেখা গিয়েছে। পরে তিনি যোগ-স্থানে ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন দেখেন। কারও কারও ভঙ্গি শুধরেও দেন স্বতঃপ্রণোদিত হয়ে।

Advertisement

রেড রোডে যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার সকালে। ছবি: ভিডিয়ো থেকে।

শনিবারই দু’দিনের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন শনিবার বিকেলে। রাতে থেকেছেন লোকভবনে। তার পর রবিবার ভোরেই পৌঁছে গিয়েছেন রেড রোডে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেখানেই যোগব্যায়াম করেন তিনি। নিজের আসনে বসে এবং দাঁড়িয়ে কিছু অনুশীলন করার পর চত্বরে ঘুরে বেড়ান একা একাই। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

শহরের একাধিক প্রান্তে রবিবার সকাল থেকে বড় স্ক্রিন বসানো হয়েছে। সেখানে রেড রোডের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনেকেই তার সামনে জড়ো হয়েছেন। স্ক্রিনের সামনে পেতে দেওয়া হয়েছে কিছু আসনও। কেউ কেউ সরাসরি সম্প্রচার দেখে যোগাভ্যাস করছেন।

Advertisement

রেড রোডে যোগাভ্যাস ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে। ছবি: ভিডিয়ো থেকে।

যোগাভ্যাস অনুশীলন শুরুর আগে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের সামনে ভাষণ দিয়েছেন। যোগের উপকারিতা, বার্ধক্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রাচীন ঐতিহ্যের ব্যাপ্তি বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘যোগা ফর হেল্‌দি এজিং’। অর্থাৎ, বার্ধক্যকেও সুন্দর, স্বাস্থ্যবান করে তুলতে পারে যোগ। ৪০ বছরেও যোগ ২০ বছরের সতেজতা এনে দিনে পারে।’’ বিশ্বের দরবারে যোগের প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দদের ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন, মানুষের পরিচয় আশপাশের মানুষের সঙ্গে জুড়ে থাকায়। এই জুড়ে থাকার কথাই বলে যোগ। মহর্ষি অরবিন্দ বলতেন, আমাদের পুরো জীবনটাই যোগ। তাই বলি, যোগ কেবল শারীরিক আসন নয়। কোনও এক আয়ুবর্ষে তা সীমিতও নয়। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ।’’ যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement