কলকাতার মৌলালির রাস্তায় পড়ে রয়েছে গাছ। ছবি: দৃপ্ত দাস।
আকাশ কালো করে মঙ্গলবার দুপুর থেকে ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতায়। সঙ্গে বজ্রপাতে কানে তালা লেগে যাওয়ার অবস্থা কলকাতাবাসীর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সন্ধ্যা পর্যন্ত চলতে পারে ঝড়বৃষ্টি। ঝড়ের দাপটে ধর্মতলা, মৌলালি-সহ কলকাতার বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ। তার জেরে ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও শুরু হয় ঝড়বৃষ্টি। পুরুলিয়াতেও একই পরিস্থিতি।
হাই কোর্ট চত্বরে ভেঙে পড়েছে গাছ। ছবি: ভাস্কর মান্না।
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কলকাতায় শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ে। শহরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে জল জমেছে। কলকাতার ধর্মতলা, হাই কোর্ট চত্বরে গাছ পড়ে আটকে গিয়েছে পথ। কিছু রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। স্কুল, কলেজ ছুটির পরে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে পড়েন পড়ুয়া এবং অভিভাবকেরা। ডাফরিন রোডে ভেঙে গিয়েছে একটি অস্থায়ী মূর্তি। হাই কোর্টের পার্কিংয়ে রাখা কয়েকটি গাড়ির উপরে ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তারের উপরেও গাছ ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরকর্মীরা। গাছ কেটে সরানোর চেষ্টা চলছে। মৌলালিতে গাছ পড়ে আটকে গিয়েছে রাস্তা। গাছটি বিদ্যুতের তার ছিড়ে পড়েছে একটি গাড়ির উপরে। দুই লেন-বিশিষ্ট রাস্তার এক দিক দিয়ে চলছে যানবাহন। ফলে যানজট তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই জেলাগুলিতে সারা দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টো থেকে পরের তিন ঘণ্টা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় তীব্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও জারি করা হয়েছে।
হাই কোর্ট চত্বরে গাড়ির উপরে ভেঙে পড়েছে গাছ। ছবি: সংগৃহীত।