Rain Forecast in West Bengal

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা! উত্তাল হবে সমুদ্র, দু’দিন মৎস্যজীবীদের যেতে নিষেধ, উত্তরে চলবে ভারী বর্ষণ

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৫:৪০
Share:

মঙ্গলবার দুপুর থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতায়। — ফাইল চিত্র।

পূর্বাভাস ছিল। সেইমতো মঙ্গলবার দুপুর থেকে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়ায়। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী সপ্তাহ জুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করেছে। অন্য দিকে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝড়বৃষ্টির জন্য গোটা রাজ্যেই তাপমাত্রার হেরফের হবে না।

Advertisement

আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো মঙ্গলবার দুপুরেই কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাতও শুরু হয়। ঘণ্টায় ঝোড়ো হাওয়ার গতি ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি। প্রতিদিনই আট জেলায় দুর্যোগের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) চলবে আগামী সোমবার পর্যন্ত। সপ্তাহান্তে ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জন্য জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের আট জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হতে পারে বজ্রপাতও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement