Ma Flyover Accident

মা উড়ালপুলে আবার দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কার পর বাইকের সঙ্গে সংঘর্ষ গাড়ির, আহত এক, নিয়ে যাওয়া হল হাসপাতালে

মা উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে একটি গাড়ি। ওই সময়ে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে সেটির। বাইকআরোহীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৪
Share:

মা উড়ালপুলে গাড়ি এবং বাইকের সংঘর্ষ। — প্রতীকী চিত্র।

একের পর এক গাড়ির সংঘর্ষ মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। মা উড়ালপুলে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে। উল্টো দিকের লেনে এসে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। পরে সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইক। জানা যাচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা পর ওই গাড়ির চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই দাবি আশপাশের অন্য গাড়ির চালকদের। তাঁদের অনুমান, ওই গাড়ির চালক দুর্ঘটনার পরক্ষণেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পরে বাইক আরোহীকে রাস্তার উপরে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছু ক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসে ঘটনাস্থলে। ওই বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মা উড়ালপুলে গাড়ি চলাচলের সময়ে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেশ জোরেই আসছিল। দুর্ঘটনার অভিঘাতে ওই গাড়িটির অনেকটা অংশ দুমড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পর পর গাড়ির সংঘর্ষ হয়। পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ঘটনার কয়েক মাস পরে ফের দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে বেশ কিছু ক্ষণের জন্য যানজট তৈরি হয়। যদিও পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement