Kalbaishakhi in West Bengal

ভোটের দিন কালবৈশাখী কলকাতায়! ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, দক্ষিণের দুই জেলায় হতে পারে ভারী বৃষ্টিও

কলকাতা-সহ মোট আটটি জেলায় আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২৩:২৭
Share:

কলকাতায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। —ফাইল চিত্র।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন কালবৈশাখীর পূর্বাভাস কলকাতায়। ঝড় হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে। কলকাতা-সহ মোট আটটি জেলায় আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

মঙ্গলবার হাওয়া অফিস বুলেটিন দিয়ে জানিয়েছে, হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত ঘূর্ণাবর্তকে ভেদ করেছে। গিয়েছে বাংলাদেশ এবং অসমের উপর দিয়েও। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু কিছু জায়গায়। এ ছাড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে সর্বত্রই ঝড়বৃষ্টি হবে।

Advertisement

বৃহস্পতিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে মু্র্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বর্ষণ। কলকাতায় ওই দিন বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত। এই সময়ের মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

উত্তরবঙ্গে ভোট হয়ে গিয়েছে। তবে দুর্যোগ চলছে। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাৎ হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগের চেয়ে কমবে।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement