TMC Councillor Arrested

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ! পুরসদস্যদের গ্রেফতারি বেড়ে ৫

কাউন্সিলরের নামে এক মহিলা শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তার পরেই তিন বারের এই কাউন্সিলরকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১০:১৮
Share:

তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল। —ফাইল চিত্র।

কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ওই কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক মহিলা বিশ্বজিতের নামে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তার পরেই তিন বারের এই কাউন্সিলরকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Advertisement

মহিলার অভিযোগ, ২০২৪ সালের মার্চে এবং গত মে মাসের ৯ তারিখ— দু’দিন তাঁর শ্লীলতাহানি করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। বিশ্বজিতের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ এবং হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি অভিযোগকারিণী রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন।

১১৪ নম্বর ওয়ার্ড এক সময় যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। পরে আসন পুনর্বিন্যাসের জেরে এই ওয়ার্ডটি টালিগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত হয়। ২০১০, ২০১৫ এবং ২০২১— পর পর তিন বার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ। টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত তিনি।

Advertisement

গত কয়েক দিনে কলকাতা পুরসভার আরও চার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। ২ জুন তোলাবাজির অভিযোগেই গ্রেফতার হন কলকাতা পুরসভার আরও দুই তৃণমূল কাউন্সিলর, ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিংহ এবং ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস। বুধবার তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশকুমার শর্মাকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement