Atin Ghosh

জমি মামলায় তলব করেছে পুলিশ, আগাম জামিন চেয়ে হাই কোর্টে তৃণমূল নেতা অতীন ঘোষ! দ্রুত শুনানির আর্জি

জোর করে জমি দখলের অভিযোগ অতীনের বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অতীন এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনীর বিরুদ্ধে। এই মামলায় ইতিমধ্যেই তাঁদের তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:৪৭
Share:

অতীন ঘোষ। —ফাইল চিত্র।

জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অতীন ঘোষ। ইতিমধ্যেই ওই মামলায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধেও উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছেন অতীন।

Advertisement

মঙ্গলবার আদালতে অতীনের আইনজীবী অয়ন ভট্টাচার্যের সওয়াল, জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় অতীন এবং তাঁর পরিবারকে জড়ানো হয়েছে। এমনকি ক্যানসার আক্রান্ত এক সদস্যও হয়রানির শিকার বলে দাবি করেছেন তিনি। তাই অতীনের তরফে দ্রুত মামলাটির শুনানি করার আর্জি জানানো হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের করার অনুমতি দেন। চলতি সপ্তাহেই অতীনের মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে অতীনের বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অতীন এবং তাঁর কন্যার বিরুদ্ধে। এক হোটেলমালিকের অভিযোগ, জোর করে অল্প টাকা দিয়ে তাঁর সম্পত্তি কেড়ে নেওয়া হয়। ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার হলেও পরে অভিযোগ যায় বিধাননগর উত্তর থানায়। ওই থানার পুলিশই ঘটনার তদন্ত করছে।

Advertisement

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছিলেন অতীন। তিনি বলেন, “ “যিনি অভিযোগ করেছেন, তাঁকে চিনি না। ওঁদের থেকে আমার মেয়ে একটি সম্পত্তি কিনেছিল। ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ করতে পারবে না। তবুও যদি পুলিশ আমাকে তদন্তের স্বার্থে ডাকে, তা হলে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।” প্রিয়দর্শিনী বলেন, “পুরোপুরি মিথ্যা অভিযোগ। যিনি এই অভিযোগ করেছেন, তাঁরাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যাবতীয় নথি আমাদের কাছে আছে।” এমন মিথ্যে অভিযোগ করার জন্য তাঁরা মানহানির মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দেন অতীন-কন্যা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল নেতা অতীন। এ বারও ওই কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। তবে হেরে যান বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement