Yoga Day Programme in Red Road

যোগ দিবসের কর্মসূচির জন্য সাত দিন বন্ধ রেড রোড, কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে

রবিবার রেড রোডে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। প্রধানমন্ত্রীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোড সাত দিন বন্ধ রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৬:২৮
Share:

আগামী রবিবার কলকাতার রেড রোডে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বছর কলকাতায় যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার রেড রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে রবিবার রাত ১০টা থেকে আগামী রবিবার (২১ জুন) পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Advertisement

রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালির মোড়, সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট যাওয়ার পথে, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউ যাওয়ার পথেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর জওহরলাল নেহরু রোডের উভমুখী লেনেই পণ্যবাহী যান চলাচল ওই সময়ের জন্য বন্ধ রাখছে পুলিশ।

আগামী রবিবার যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট স্টিকার লাগিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলি মেয়ো রোড ধরে যেতে পারবে।

Advertisement

শনিবার রাত ২টো থেকে যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এই রাস্তাগুলি হল হসপিটাল রোড (পূর্ব এবং পশ্চিম), হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (ঘোড়া পাস থেকে জে এবং এন আইল্যান্ড পর্যন্ত), আর আর অ্যাভিনিউ (ওয়াই রোড ট্রামলাইন থেকে গভর্নমেন্ট প্লেস পশ্চিম পর্যন্ত), গোষ্ঠ পাল সরণি, কুইনসওয়ে, পলাশি গেট রোড, ডাফরিন রোড এবং আউটরাম রোড।

পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড-মেয়ো রোড ধরে যেতে বলা হবে। দক্ষিণমুখী যানবাহন রেড রোড এড়িয়ে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন ধরে যাবে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে ট্র্যাফিক পুলিশ গাড়়িগুলিকে অপেক্ষাকৃত ছোট রাস্তা দিতে ঘুরিয়ে দিতে পারে।

আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবসের’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement