Shahjahan Sheikh

সন্দেশখালিতে জমিদখলের মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন, পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইডির

শাহজাহান ছাড়াও আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। জমি দখলের মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। মোট ৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৪:২৩
Share:

শাহজাহান শেখ। —ফাইল চিত্র।

সন্দেশখালিতে জমিদখলের মামলায় শাহজাহান শেখ এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েক জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। সোমবার কলকাতার ইডির বিশেষ আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। ইডির অভিযোগ, ভয় দেখিয়ে জমি দখলের মাধ্যমে টাকা উপার্জন করেছিলেন অভিযুক্তেরা। এ ভাবে মোট পাঁচ কোটি টাকা ‘প্রসিড অফ ক্রাইম’ হিসাবে শনাক্ত করেছে ইডি। ‘প্রসিড অফ ক্রাইম’ বলতে বোঝায়, দুর্নীতির মাধ্যমে যা আয় করা হয়।

Advertisement

শাহজাহান ছাড়াও আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। মোট ৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়।

রেশন দুর্নীতি মামলায় প্রথম শাহজাহানের নাম জড়িয়েছিল। ২০২৪ সাসের জানুয়ারি মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় আধিকারিকদের মার খেয়ে ফিরতে হয়েছিল শাহজাহানের ডেরা থেকে। তার পর তিনি নিজেও উধাও হয়ে গিয়েছিলেন। প্রায় দু’মাস পর শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তার পর আদালতের নির্দেশে তাঁকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। সিবিআই হেফাজতে থাকাকালীন ইডিও শাহজাহানকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। তাঁর বিরুদ্ধে সন্দেশখালিতে সাধারণ গ্রামবাসীদের উপর অত্যাচার, জমি জবরদখল, মাছের ব্যবসার আড়ালে দুর্নীতির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারির পর শাহজাহানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement