কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ছবি: পিটিআই।
ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের বিস্তীর্ণ অংশে হতে পারে শিলাবৃষ্টিও। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তার পর ঝড়বৃষ্টির দাপট কমার সম্ভাবনা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
সমুদ্রের উপর মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। তার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে শনিবার তার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং হুগলিতে। শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
শনিবার সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। আগামী মঙ্গলবার ফের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। দু’দিনই শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে। উত্তরবঙ্গে আপাতত মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।