Pakistan on Karachi Attack

করাচি হামলার বদলা! আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে নিহত ২৯, ফের ভারতের দিকে আঙুল মন্ত্রীর, বিবৃতি কাবুলেরও

পাক মন্ত্রীর দাবি, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত ভাবে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নিশানায় ছিল জঙ্গিদের ঘাঁটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১০:৩৫
Share:

করাচিতে আধাসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার পর বাহিনীর টহলদারি। ছবি: রয়টার্স।

করাচির আধাসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার বদলা নিল পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে পাক-আফগান সীমান্তে রবিবার রাতে স্থল অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনা। তাতে ২৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে ইসলামাবাদের দাবি। আফগানিস্তানের তরফে বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা করা হয়েছে। পাকিস্তানের হামলায় ওই এলাকায় অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, দাবি কাবুলের। অন্য দিকে, পাক সেনা অভিযান সংক্রান্ত বিবৃতি দিতে গিয়ে ফের ভারতের দিকে আঙুল তুলেছেন সে দেশের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার।

Advertisement

পাক মন্ত্রীর দাবি, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত ভাবে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নিশানায় ছিল জঙ্গিদের ঘাঁটি। করাচিতে গত শনিবার রাতে যে হামলা হয়েছে, তার দায় স্বীকার করে পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র ছায়াগোষ্ঠী জামাত-উল-আহরার। পাক মন্ত্রীর দাবি, এই দুই গোষ্ঠীর সদস্যেরাই রবিবারের অভিযানে নিহত হয়েছে। জামাত-উল-আহরার ভারতের মদতপুষ্ট বলে দাবি করেছেন তিনি। সমাজমাধ্যমে তারার লিখেছেন, ‘‘২৮ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের নিরাপত্তাবাহিনী বাজৌরে পাক-আফগান সীমান্তের কাছে কিছু জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সুনির্দিষ্ট, দক্ষ অভিযানের ফলস্বরূপ ‘খাওয়ারজি গোষ্ঠী’র গুরুত্বপূর্ণ কমান্ডার খান ফারোশ এবং ভারতের মদতপুষ্ট সংগঠন জামাত-উল-আহরারের তিন জঙ্গি নিহত হয়েছে। আরও কয়েক জন জখম হয়েছে।’’

রবিবার রাতভর আফগানিস্তানের সীমান্ত এলাকায় জামাত-উল-আহরারের বিরুদ্ধে পাকিস্তানি সেনার অভিযান চলেছে বলে জানিয়েছেন তারার। তাঁর দাবি, পাকতিয়া, পাকতিকা এবং কুনারের তিনটি জায়গায় সেনা অভিযানে মৃত্যু হয়েছে আরও ২৫ জঙ্গির। এ ছাড়া, অনেক অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। মন্ত্রীর কথায়, ‘‘পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে চেয়েছে। তবে নাগরিকদের সুরক্ষার সঙ্গে আপস করা যাবে না। সেটাই অগ্রাধিকার।’’

Advertisement

পাকিস্তানের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে আফগানিস্তানের তালিবান সরকার। কঠোর বিবৃতিতে তারা দাবি করেছে, পাক হামলায় পূর্ব আফগানিস্তানে অনেকের মৃত্যু হয়েছে। অনেকে জখম হয়েছেন। তালিবান সরকারের মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদ বলেছেন, ‘‘এটা কাপুরুষোচিত আগ্রাসন’’।

উল্লেখ্য, করাচির আধাসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তিন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। হামলাকারী তিন জঙ্গিরও মৃত্যু হয় ঘটনাস্থলেই। এক জনকে গ্রেফতার করা হয়েছে। করাচিতে এই হামলার সঙ্গে ভারতের যোগ আছে বলে আগেই দাবি করেছিল পাকিস্তান। তবে তার সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। রবিবার পাক দাবি উড়িয়ে তাদের আত্মবিশ্লেষণের পরামর্শ দিয়েছে ভারত। এ দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করে পাকিস্তানের উচিত তাদের ভূখণ্ডের ভিতরে গড়ে ওঠা সন্ত্রাসবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement