West Bengal Weather Update

টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, প্রবল বর্ষণে উত্তরের পাঁচ জেলায় লাল সতর্কতা, দুর্যোগ কত দিন

উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার। ইতিমধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত। নদীগুলিতে বাড়ছে জলস্তর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১১:২৮
Share:

কলকাতায় আগামী সাত দিন টানা বৃষ্টির সতর্কতা রয়েছে। ছবি: পিটিআই।

উত্তরবঙ্গে বৃষ্টিতে বিরাম নেই। প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে পাঁচটি জেলায়। সেই সঙ্গে এ বার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। কলকাতায় আগামী সাত দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার। ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মঙ্গলবার থেকে বৃষ্টি সামান্য কমতে পারে। তবে দুর্যোগে বিরাম নেই। আগামী শনিবার পর্যন্ত এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দুর্যোগের কারণে দার্জিলিং, কালিম্পঙে ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত হয়েছে। পাহাড়ি নদীগুলিতে বাড়তে শুরু করেছে জলস্তর।

Advertisement

রবিবার থেকে প্রতি দিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার এবং বুধবার। সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সময় যথাসম্ভব বাড়ির ভিতরে থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি চলবে। রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা এবং হুগলিতেও কমলা সতর্কতা জারি করেছেন আবহবিদেরা।

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র।

ঝড়বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement