Mamata Banerjee and KMC

‘কলকাতা পুরসভায় এখনও আমরাই ক্ষমতায়’, মেয়র-সহ মেয়র পারিষদদের স্মরণ করিয়ে পরিষেবা দিতে নির্দেশ মমতার

সোমবার কালীঘাটের বাসভবনে কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসেন মমতা। সেখানেই তিনি নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার উপর বিশেষ জোর দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০১:৪৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কলকাতা পুরসভার ক্ষমতায় এখনও তৃণমূলই রয়েছে। তাই সাধারণ মানুষ যাতে কোনও ভাবেই পুর পরিষেবা পেতে সমস্যার মুখে না-পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানেই নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার উপর তিনি বিশেষ জোর দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পুর এলাকার পানীয় জল, নিকাশি, রাস্তা সংস্কার, বর্জ্য অপসারণ-সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য জনপ্রতিনিধিদের আরও সক্রিয় থাকার বার্তাও দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন, কলকাতা পুরসভার বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কাজকর্মে কোনও ঢিলেমি করা যাবে না।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে কলকাতা পুরসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। সেই জয়ের সুবাদে দ্বিতীয় বারের জন্য কলকাতার মেয়রের দায়িত্ব পান ফিরহাদ হাকিম। ওই নির্বাচনে বিরোধী দলগুলি প্রয়োজনীয় আসন সংখ্যা না পাওয়ায় পুরসভায় কোনও স্বীকৃত বিরোধী দলও গড়ে ওঠেনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার অন্দরের সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Advertisement

এরই মধ্যে সম্প্রতি পুর কমিশনারের সময়ের অভাব দেখিয়ে মেয়র পারিষদদের বৈঠক বাতিল হওয়া এবং পুর অধিবেশনেও কমিশনারের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। সেই আবহে কালীঘাটে তৃণমূলনেত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক মহলের মতে, ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং নাগরিক পরিষেবা নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া যাতে না তৈরি হয়, সেই লক্ষ্যেই আগাম সতর্কবার্তা দিয়েছেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement