স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন আরও এক মহিলা। — ফাইল চিত্র।
স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন আরও এক মহিলা। তাঁর অভিযোগ, নিউ আলিপুরের রাস্তায় দোকান করার ছাড়পত্র দিতে ৮০ লক্ষ টাকা দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা দেখা করতে বলেছিলেন। দোকান করার আবেদন জানিয়ে তিনি প্রথম দ্বারস্থ হয়েছিলেন স্বরূপের স্ত্রী, তথা কাউন্সিলর জুঁই বিশ্বাসের কাছে। তিনিই তাঁকে স্বরূপের কাছে যেতে বলেছিলেন বলে অভিযোগ।
গত রবিবার রিজেন্ট পার্ক থানায় জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি নিউ আলিপুরের রাস্তায় একটি দোকান করার কথা ভেবেছিলেন। সে জন্য তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। জুঁই তাঁকে জানিয়েছিলেন, এ ধরনের অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। তিনি ওই মহিলাকে স্বরূপের কাছে যেতে বলেন।
তার পরে ওই মহিলা স্বরূপের দ্বারস্থ হন। মহিলার অভিযোগ, সে সময় স্বরূপ দোকানের অনুমতি দিতে তাঁর থেকে ৮০ লক্ষ টাকা দাবি করেছিলেন। পরে তাঁকে সুরুচি সঙ্ঘে একা দেখা করতে বলেন। মহিলার অভিযোগ, ব্যক্তিগত অনুগ্রহের ইঙ্গিতও করেছিলেন স্বরূপ। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। উপযুক্ত ধারায় মামলাও রুজু করা হয়েছে।
গত ৪ জুন স্বরূপকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর কর্মীদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল বলেও অভিযোগ। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করে নিউ আলিপুর থানা। এর পর ফের নতুন অভিযোগ দায়ের হল স্বরূপের বিরুদ্ধে।