Women Protest

শ্রমজীবী মেয়েদের বিভিন্ন দাবি নিয়ে মিছিল শহরের পথে

নারী দিবসের আগের দিন, শনিবার, এমনই নানা স্লোগান উঠল শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের মিছিল থেকে। ‘নারী দিবস উদ‌্‌যাপন মঞ্চ’-এর আহ্বানে এই মিছিল দুপুর ২টোয় শুরু হয়েছিল মৌলালির রামলীলা ময়দান থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কখনও আওয়াজ উঠল, ‘শ্রমিক মায়ের ভোট চাও, শিশু রাখার ক্রেশ দাও’, কখনও শোনা গেল, ‘এ বার ভোটে ইস্যু কী, আশাকর্মীর স্বীকৃতি’, অথবা ‘শুনব না আর জারিজুরি, আমার চাই ঠিক মজুরি’। নারী দিবসের আগের দিন, শনিবার, এমনই নানা স্লোগান উঠল শ্রমজীবী
নারীদের অধিকার আন্দোলনের মিছিল থেকে। ‘নারী দিবস উদ‌্‌যাপন মঞ্চ’-এর আহ্বানে এই মিছিল দুপুর ২টোয় শুরু হয়েছিল মৌলালির রামলীলা ময়দান থেকে। বিকেলে সেটি শেষ হয় পার্ক সার্কাসের কাছে। বিভিন্ন জেলা ও কলকাতার প্রায় আড়াই হাজার মানুষ এ দিন হেঁটেছেন এই মিছিলে। শ্রমজীবী নারীদের, বিশেষত, শ্রমিক মায়েদের নানা দাবিদাওয়া সংবলিত লিফলেট মিছিল থেকে তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে। মিছিলের উদ্যোক্তাদের দাবি, কর্মক্ষেত্রে মহিলাদের দাবি পূরণ ও শ্রমজীবী নারীদের, বিশেষত, শ্রমিক মায়েদের সমস্যাগুলি নারী আন্দোলনের কেন্দ্রে নিয়ে আসার উদ্দেশ্যেই এ দিনের
এই মিছিল।

গত ২৬ ফেব্রুয়ারি নারী দিবস উদ‌্‌যাপন মঞ্চের তরফে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। সেখানেই মেয়েদের কাজের পরিস্থিতি, অভিজ্ঞতা এবং সংগ্রামের উপরে ভিত্তি করে তৈরি দাবিপত্র প্রকাশ করে এ দিনের মিছিলের ডাক দেওয়া হয়। সেই মতো এ দিন বেলা ১২টা থেকে রামলীলা ময়দানে জড়ো হতে শুরু করেন বিভিন্ন পেশার মহিলারা।
কোচবিহার, সুন্দরবন, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো বিভিন্ন জেলা থেকে মহিলা কর্মীরা হাজির হন। বিড়ি শ্রমিক, খেতমজুর থেকে শুরু করে মৎস্যজীবী অথবা অ্যাপ-ক্যাব চালক মহিলাদের হাতে ছিল নিজেদের তৈরি করা পোস্টার। দুপুর ২টো নাগাদ শুরু হয় তাঁদের মিছিল।

অধিকারের দাবিতে স্লোগানের পাশাপাশি চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রমজীবী মহিলাদের নিয়ে গানে গলা মেলান বাকিরা। ইসমত আরা খাতুন, স্বপ্না ত্রিপাঠী, সাজিদা পরভিনের মতো মহিলা কর্মীদের সংগঠনের নেত্রীদের পাশাপাশি ছিলেন রুচিরা গোস্বামী-সহ অন্যেরা। সেখানেই এক মৎস্যজীবী মহিলার মন্তব্য, ‘‘নারীর অধিকার মানে বিশেষ একটি দিনের উদ‌্‌যাপন নয়, প্রতিদিন সমান ভাবে লড়াই চালিয়ে যাওয়া। সেই লড়াইয়ের অংশীদার হতেই এসেছি।’’ এ দিনের এই মিছিল থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় সুবিচারের দাবিও ওঠে। স্লোগানও দেওয়া হয়, ‘তিলোত্তমা ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন