দাদার পরে এ বার মাকেও মারল যুবক

পর্ণশ্রীর শ্যামসুন্দরপল্লিতে ছোট ভাইয়ের র়ডের আঘাতে খুন হয়েছিলেন অমিতাভ বাগ। চোদ্দো বছর পরে সোমবার সেই একই কায়দায় খুন হলেন অমিতাভের মা প্রতিমা বাগ (৭০)। খুনিও এক! প্রতিমাদেবীর ছোট ছেলে অনুপম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৭
Share:

অনুপম বাগ

পর্ণশ্রীর শ্যামসুন্দরপল্লিতে ছোট ভাইয়ের র়ডের আঘাতে খুন হয়েছিলেন অমিতাভ বাগ। চোদ্দো বছর পরে সোমবার সেই একই কায়দায় খুন হলেন অমিতাভের মা প্রতিমা বাগ (৭০)। খুনিও এক! প্রতিমাদেবীর ছোট ছেলে অনুপম।

Advertisement

পুলিশ জানায়, মাকে খুনের অভিযোগে অনুপম বাগ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বার তার হামলার মুখে পড়েছিল শুভজিৎ মণ্ডল নামে এলাকার এক শিশুও। গুরুতর আহত অবস্থায় সে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দাদাকে খুন করার পরে জেলে গেলেও মানসিক ভারসাম্যহীন বলে ছাড়া পেয়েছিল অনুপম। সে এখনও মানসিক ভাবে অসুস্থ বলেই মনে করা হচ্ছে। পুরনো মামলার নথিও খতিয়ে দেখছে পুলিশ।

এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেমস লং সরণিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা দেখেছিলেন, রাস্তা দিয়ে গোলাপি শার্ট, জিন্স পরা এক যুবক ছুটে আসছে। হাতে রক্তমাখা একটি লোহার রড। পিছনে ছুটছেন জনা তিরিশেক লোক। তাঁরা চিৎকার করছেন, ‘ওকে ধরো, ও খুন করেছে।’ তা দেখেই অনুপমের পা লক্ষ করে লাঠি ছুড়ে মারেন এক পুলিশকর্মী। সে পড়ে যেতেই বাকি পুলিশেরা জাপ্টে ধরেন অনুপমকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অনুপমের বাড়ির কাছেই তার আর এক দাদা অরুণাভ বাগের লেদ কারখানা রয়েছে। সেখান থেকে একটি লোহার রড জোগাড় করে ঘরের ভিতরে শুয়ে থাকা মায়ের মাথায় বাড়ি মারে অনুপম। তার পরে শরীরের বিভিন্ন অংশে রড দিয়ে খুঁচিয়ে দেয়। এই দৃশ্য দেখে তার বৌদি চিৎকার করতে থাকেন। এর পরেই রক্তমাখা অনুপম বেরিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, সমর চট্টোপাধ্যায় নামে এক প্রতিবেশী অনুপমকে আটকাতে গিয়ে আহত হন। রাস্তার পাশে একটি গাড়িও ভেঙে দেয় অনুপম। সেই সময়ে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল শুভজিৎ। তার মাথায় রডে়র বাড়ি বসিয়ে দেয় অনুপম। এর পরেই পাড়ার লোকেরা তাকে তাড়া করেন।

পুলিশ জানিয়েছে, অনুপম তার মায়ের কাছে প্রায়ই টাকা চাইত। না পেলে মারত। অমিতাভর খুনের সময়ে পর্ণশ্রী দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের আওতায় ছিল। ২০১১-এ তা কলকাতা পুলিশের আওতায় এসেছে। তাই পুরনো রেকর্ড ঘেঁটে আগের খুনের বিশদ তথ্য বার করতে হবে। শুভজিৎকে আহত অবস্থায় প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মাথায় ২২টি সেলাই করার পরে তাকে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। প্রতিমাদেবীর দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের মানসিক অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য মনোচিকিৎসকের সাহায্য নেওয়া হবে। আজ, মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হবে তাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement