শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে এ বার উল্টোডাঙা মেন রোডে তৈরি হচ্ছে মেডিয়ান স্ট্রিপ। উত্তর কলকাতার অরবিন্দ সেতুর নিচ থেকে উল্টোডাঙা স্টেশনমুখী রাস্তার মাঝ বরাবর কংক্রিটের ফালির ভিতরে থাকবে হরেকরকম ছোট ছোট
গাছ-গাছালি।
সোমবার কলকাতা পুরসভার ৩ নম্বর বরো এলাকায় ওই কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতাসুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে ও বরো চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত। অনিন্দ্যবাবু জানান, প্রায় ৬৫০ মিটার রাস্তায় মেডিয়ান স্ট্রিপ হচ্ছে। মোট খরচ ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। পুর-প্রশাসনের টাকায় তা গড়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই ওই স্ট্রিপের কাজ শেষ হবে বলে জানান পুরসভার ইঞ্জিনয়ারেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেয় ইতিমধ্যেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শরৎ বসু রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, আশুতোষ মুখার্জ্জী রোড-সহ একাধিক বড় রাস্তার উপরে মেডিয়ান স্ট্রিপ করা হয়েছে। পুরনো বিভাজক (ডিভাইডার) ভেঙে ওই সব রাস্তা গড়ে তুলেছে পুর প্রশাসন।