West Bengal Weather Update

রবিবার থেকে ঝড়বৃষ্টি রাজ্যে! কয়েক জেলায় দমকা হাওয়ার সতর্কতা, ফাল্গুনে কি ফিরতে পারে ঠান্ডার আমেজ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৬:২৭
Share:

রবিবার থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।

শীতের আমেজ রাজ্যের বেশির ভাগ অঞ্চল থেকে মিলিয়ে গিয়েছে। ভোরের দিকে এখনও আবহাওয়া বেশ মনোরম। তবে বেলা বাড়লে এই বসন্তেও রোদের তেজ পাল্লা দিয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।

উত্তরবঙ্গে রবিবার থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড়।

Advertisement

তবে ঝড়বৃষ্টি হলেও আগামী সাত দিন রাজ্যের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। রবিবার কলকাতায় দিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেলের পর থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement