Mamata Banerjee On Yuvasathi

শনিবার থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা! আন্তর্জাতিক নারী দিবসের ‘উপহার’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে এই ‘যুবসাথী’ প্রকল্পের জন্য কত আবেদন জমা পড়েছে, তা-ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:১৪
Share:

‘যুবসাথী’ প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। — ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা। কথা ছিল ১ এপ্রিল থেকে সেই সুবিধা পাবেন তাঁরা। কিন্তু শনিবার মমতা জানিয়ে দিলেন, আন্তর্জাতিক নারী দিবসের ‘উপহার’ হিসাবে শনিবার থেকেই সেই প্রকল্পের সুবিধা পাবেন এ রাজ্যের আবেদনকারীরা।

Advertisement

রবিবার আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে তার আগের দিন, শনিবার ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে ‘উপহার’ ঘোষণা করলেন মমতা। তাঁর কথায়, ‘‘ বলেছিলাম, ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।’’ রাজ্যে এই ‘যুবসাথী’ প্রকল্পের জন্য কত আবেদন জমা পড়েছে, তা-ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘২১ থেকে ৪০ বছর বয়সি ৯০ লক্ষ থেকে এক কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন, যাঁরা অন্য কোনও সাহায্য নেন না। যাঁরা বৃত্তি পান, তাঁদের ধরছি না (সুবিধা পাবেন), পড়াশোনার জন্য সেই টাকা তাঁদের প্রাপ্য।’’ মমতা জানান, আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন।

যুবসাথীর সুবিধা পেতে রাজ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলা থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি আবেদন জমা পড়েছে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩টি আবেদন জমা পড়েছে। যুবসাথী প্রকল্পের সুবিধা চেয়ে উত্তর ২৪ পরগনায় ৭ লক্ষ ২০ হাজার ৭০টি আবেদন জমা পড়েছিল।

Advertisement

চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তিকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তী কালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ১ এপ্রিল থেকে প্রকল্প চালুর নতুন সময়সূচি ঘোষণা করেন। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে ব্লকভিত্তিক শিবির ও অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়। ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে শিবির করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। শনিবার থেকেই সেই সুবিধা তাঁরা পাবেন বলে জানিয়ে দিলেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement