Yuvasathi Project

বাংলার যুবসাথী প্রকল্পের জন্য বিশেষ হেল্পডেস্ক চালু করল নবান্ন, প্রকল্পে আবেদনকারীদের প্রশ্নের জবাব দিতেই উদ্যোগ

হেল্পডেস্কটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:০৫
Share:

যুবসাথী প্রকল্পের জন্য হেল্পডেস্ক চালু করল নবান্ন।

‘বাংলার যুবসাথী’ প্রকল্প বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। সেই পদক্ষেপে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফ থেকে একটি বিশেষ হেল্পডেস্ক চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সেই নির্দেশিকা অনুযায়ী, এই হেল্পডেস্কটি সরাসরি যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের অধীনেই কাজ করবে। প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষেরও বেশি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লকভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ যুবক-যুবতী। অন্য দিকে, অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ। এই বিরাট সংখ্যক আবেদনকারীদের মনে প্রকল্প নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতেই এই হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে বলে খবর।

Advertisement

নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় আরও বলা হয়েছে, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর—৬২৯২২৪৮৮৮৮—হেল্পডেস্কের জন্য চালু করা হয়েছে, যাতে হোয়াট্‌‌সঅ্যাপও করা যাবে। এর মাধ্যমে প্রকল্পে আবেদনকারীরা তাঁদের আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। হেল্পডেস্কটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

এ ছাড়াও, দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘বাংলার যুবসাথী’ প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ নির্দিষ্ট একটি ইমেল আইডিতেই করতে হবে। সেই ইমেল ঠিকানাটিও নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে। এর ফলে যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকবে এবং তথ্য সংরক্ষণ ও যাচাই আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। এই নির্দেশিকার অনুলিপি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর ও আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রধান সচিব, জিটিএ-র প্রধান সচিব, সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিকেরা এবং যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের সংশ্লিষ্ট শাখাগুলি।

Advertisement

চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তিকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তী কালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ১ এপ্রিল থেকে প্রকল্প চালুর নতুন সময়সূচি ঘোষণা করেন। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে ব্লকভিত্তিক শিবির ও অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন সংগ্রহের ব্যবস্থা করা হয়। ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে শিবির করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের টানা পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।

তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, বাস্তবে নির্ধারিত সময়ে এই টাকা দেওয়া সম্ভব না-ও হতে পারে। কারণ, মার্চ মাসের প্রথম সপ্তাহের পর যে কোনও দিন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে, সেই সময় নতুন কোনও প্রকল্পের আর্থিক সুবিধা চালু করা যায় না। ফলে ভোটের ফল প্রকাশের পরেই যুবসাথী প্রকল্প কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ। সে ক্ষেত্রে ফের রাজ্যের ক্ষমতায় আসতে হবে বর্তমান শাসকদলকে। প্রশাসনিক মহলের মতে, এই হেল্পলাইন নম্বর চালুর ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে, একই সঙ্গে প্রকল্পে আবেদনকারীদের অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধান সম্ভব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement