West Bengal Election 2026

গণনার দিন বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কলকাতায় ৬০ কিলোমিটার গতিবেগে হতে পারে ঝড়, কালবৈশাখী আর কত দিন

মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৪:১৪
Share:

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

ভোটগণনার দিনেও দুপুরের পর থেকে রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের দুই জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে এই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পরে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা আপাতত কমছে না।

Advertisement

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবক’টি জেলাতেই রয়েছে কমলা সতর্কতা। হুগলি এবং উত্তর ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবারও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বাংলাদেশের উত্তরাংশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ওই অক্ষরেখা ঝাড়খণ্ডের উপর দিয়েও গিয়েছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার জেরে বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement

কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে মালদহে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার, ভোটগণনার দিনে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement